হ্যানয়, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগের জন্য এশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
তিনি শুক্রবার বলেছেন, পিয়ংইয়ংয়ের যুদ্ধোন্মুখ কার্যকলাপ স্পষ্টভাবে আঞ্চলিক হুমকিস্বরূপ।
হ্যানয়ে অনুষ্ঠিত প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা আলোচনায় তিনি এ কথা বলেছেন।
২৭ সদস্য বিশিষ্ট আসিয়ান আঞ্চলিক ফোরামে বক্তৃতাকালে তিনি বলেন, "দক্ষিণ কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা এবং পরমাণু উন্নয়ন কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে বাধ্য করতে এশিয়ার দেশগুলোকে অবশ্যই পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা বলবৎ করতে হবে।"
তিনি মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালুর জন্য সামরিক সরকারের ওপর প্রতিবেশী দেশগুলোকে চাপ সৃষ্টিরও আহ্বান জানান।
তিনি আরো বলেন, এশিয়া অবশ্যই বৈশ্বিক জোটের সঙ্গে একাত্ম হয়ে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে তাদের দৃঢ় মতামত ব্যক্ত করবে।
বুধবার হিলারি উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
ওয়াশিংটন ও সিউল উভয়ই মার্চে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ ডুবির ব্যাপারে উত্তর কোরিয়াকে অভিযুক্ত করে আসছে।
এ ঘটনায় ৪৬ জন নাবিক প্রাণ হারায় এবং এর ফলে পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডাসহ আসিয়ানের অন্তর্ভুক্ত আঞ্চলিক ক্ষমতাধর দেশগুলো হচ্ছে চীন, জাপান ও রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪২৭ঘ.
bdnews24