লন্ডন/হাউসটন, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) প্রধান নির্বাহী টনি হেওয়ার্ড ১০ সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন বলে জানা গেছে।
কোম্পানির ঘনিষ্ঠ একসূত্রের বরাত দিয়ে দ্য টাইমস জানিয়েছে, আগস্টের শেষ নাগাদ বা সেপ্টেম্বর মাসে হেওয়ার্ড পদত্যাগের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে বিপি টাইমসের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বুধবার জানিয়েছে, "তার (টনি হেওয়ার্ড) প্রতি বোর্ডের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি তার দায়িত্ব পালন করে যাবেন।"
টাইমস একধাপ এগিয়ে হেওয়ার্ডের উত্তরাধিকারীর নামও জানিয়ে দিয়েছে। বিপির গালফ কোস্ট রেস্টোরেশন এফোর্টস-এর প্রধান রবার্ট ডুডলি তার স্থলাভিষিক্ত হতে পারেন।
বেশ কিছু ভুল ও মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের পর সৃষ্ট ছিদ্র বন্ধে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েন বিপির প্রধান নির্বাহী টনি হেওয়ার্ড।
এদিকে তেলকূপ বিস্ফোরণের পর অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে বিপি সারা বিশ্বে তাদের বিভিন্ন সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
তেলকূপ বিস্ফোরণের এ ঘটনাটি বর্তমানে আমেরিকা ও ব্রিটেনের রাজনৈতিক আলোচ্যসূচির ওপরের দিকে রয়েছে এবং তা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ওয়াশিংটন সফরে বাধ্য করেছে।
তেলকূপের ছিদ্র বন্ধে নেওয়া বিপির উদ্যোগ ও উপসাগর অঞ্চলের অধিবাসীদের ক্ষতিপূরণ দেওয়ায় বিপির প্রশংসা করেছেন ক্যামেরন।
গত এপ্রিলে মেক্সিকো উপসাগরে তেলকূপে বিস্ফোরণে ১১ জন শ্রমিক নিহত হয়। এছাড়া কূপ থেকে নিঃসৃত তেল ছড়িয়ে পড়ায় হুমকির মুখে পড়েছে উপসাগরীয় এলাকার পর্যটন ও মৎস শিল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২৫ঘ.
bdnews24