হ্যানয় , ভিয়েতনাম , জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /রয়টার্স)---মিয়ানমারের সামরিক জান্তাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ান।
আসিয়ানের এক শীর্ষ কূটনীতিক মঙ্গলবার একথা জানিয়েছেন।
সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং প্রকাশ্যে সমালোচনা না করার নীতি অনুসরণকারী আসিয়ান এর এ আহ্বান এক বিরল পদক্ষেপ।
মিয়ানমারসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশ নিয়ে গঠিত আসিয়ানের চেয়ারম্যান সুরিন পিটসুয়ান ভিতনামের রাজধানী হ্যানয়ে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সম্মেলনে মিয়ানমারের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আয়োজিত এ সম্মেলনের ফাঁকে সুরিন সাংবাদিকদের বলেন , সম্মেলনে মিয়ানমারকে ভৎর্সনা করা হয়েছে। আসিয়ান মিয়ানমারে নির্বাচন নিয়ে খুবই উদ্বিগ্ন।
মিয়ানমার জান্তা সরকারের সুষ্ঠু, অবাধ এবং সবার অংশগহণে নির্বাচন অনুষ্ঠান করা উচিত বলে মন্ত্রীরা মত প্রকাশ করেন।
তবে অক্টোবরে ১৬ টি এশীয় প্যাসিফিক দেশের নেতার সাথে মিয়ানমারের প্রধানমন্ত্রী থিন সিনের বৈঠক শেষে যে বক্তব্য পাওয়া গিয়েছিল তা এই বক্তব্যের সম্পূর্ণ বিপরীত।
তখন অনেক এশীয় নেতা বলেছিলেন, মিয়ানমার সরকার তাদেরকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছে। এমনকি তারা আশা করছিল মিয়ারমারের গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি এবং তার কারাবন্দী অনুসারীদেরও মুক্তি দেওয়া হবে।
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সু চিকে জান্তা সরকার গৃহবন্দী করে রেখেছে। এছাড়া আরো প্রায় দুই হাজার রাজনৈতিক নেতা অন্তরীণ রয়েছেন।
যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বলেছে, মিয়ানমারের জান্তা সরকার বর্তমানে কারাগারে বন্দী বিরোধীদলীয় রাজনীতিকদের ভূমিকা অস্বীকার করলে সাধারণ নির্বাচন বৈধতা পাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১৭ ঘ.
bdnews24