কাবুল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদেশি সেনারদের হয়ে কাজ করছে এমন যেকোনো আফগান ব্যক্তিকে আটক করে হত্যার নির্দেশ দিয়েছেন শীর্ষ তালেবান নেতা মোল্লা ওমর।
ন্যাটোসূত্রে রোববার একথা জানা গেছে।
মোল্লা ওমরের দেওয়া হত্যার নির্দেশ সম্বলিত লেখা চিঠি আটক হওয়ার পরিপ্রেক্ষিতে এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছে আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনী।
একবছর আগে তালেবানপন্থী যোদ্ধাদের প্রতি নিরীহ আফগানদের হত্যা না করার নির্দেশ দিয়েছিলেন মোল্লা ওমর।
আফগানিস্তানে ন্যাটোর মুখপাত্র জানান, চিঠিটা জুনের শুরুর দিকে পাওয়া গেছে।
এতে আন্তর্জাতিক সেনাবাহিনী সম্পর্কে তথ্য পেতে বিদেশি সেনা ঘাঁটিতে প্রবেশাধিকার রয়েছে এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য মাঠ পর্যায়ের তালেবান নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানী কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল জোসেফ ব্লোটজ বলেন, "পাকিস্তানে লুকিয়ে থাকা মোল্লা ওমর আফগানিস্তানে থাকা তার অধীনস্ত কমান্ডারদের এসব নির্দেশ দিয়েছেন।"
চিঠিতে পাঁচটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যখনই সম্ভব বিদেশি সেনাদের সঙ্গে লড়াই করে তাদেরকে হত্যা ও গ্রেপ্তার করা এবং তালেবান সেনাদের আরো বেশি ভারি অস্ত্র সংগ্রহ করার চেষ্টা করতে বলা হয়েছে।
চিঠিতে যৌথবাহিনীকে সহায়তাকারী বা তথ্য প্রদানকারী নারীদের আটক করে হত্যা করতেও তালেবান যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ব্লোটজ জানান, চিঠিটা যে তালেবান নেতা লিখেছে সে বিষয়ে তিনি ১শ' ভাগ নিশ্চিত। তবে কীভাবে তিনি তা যাচাই করেছেন সে বিষয়ে কিছু জানাননি।
রয়টার্স তাৎক্ষণিকভাবে চিঠির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে পারেনি।
চিঠির বিষয়ে তালেবানরাও কোনো মন্তব্য করেনি।
তালেবান জঙ্গিদের নেতা মোল্লা ওমর গত কয়েক বছর ধরে জনসমক্ষে আসেননি। তিনি পাকিস্তানে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৬ঘ.
bdnews24