তাইপি, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানের দিকে এ বছরের শেষ নাগাদ চীন ২ হাজার ক্ষেপণাস্ত্র তাক করবে যা বর্তমান সংখ্যার চেয়ে কয়েক শ' বেশি।
দু'পক্ষের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক থাকলেও চীন এ লক্ষ্যে এগুচ্ছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নৌ-গবেষণা সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে একথা বলা হয়েছে।
বর্তমানে তাইওয়ানের দিকে আনুমানিক ১,০০০ থেকে ১,৪০০ ক্ষেপণাস্ত্র তাক করা আছে। কিন্তু এ সংখ্যা বৃদ্ধি করা হলে উত্তেজনা বাড়তে পারে। যদিও গত দু'বছরে চীন ও তাইওয়ানের মধ্যে উষ্ণ আলোচনার পথ ধরে দু'য়ের মধ্যে বিমান চলাচল শুরু হওয়া ছাড়াও জুনে মুক্ত-বাণিজ্য ধারার চুক্তি সই হয়েছে।
সুচো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হু ইয়াং-মিং বলেছেন, "আমরা বাণিজ্য চুক্তি সই করলেও এতে সামরিক ইস্যুতে কোন অগ্রগতি হবে না।"
চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভুখন্ড বলে দাবি করে আসছে এবং তাইওয়ানের স্বাধীনতা অর্জনের চেষ্টা রুখতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে।
তাইওয়ানের উপ প্রতিরক্ষামন্ত্রী এন্ড্রু ইয়াং বলেছেন, চীনের সামরিক বাহিনী আধুনিকায়ন করার বৃহত্তর পরিকল্পনার আওতায় দ্বীপদেশ তাইওয়ানের মাত্র ১৬০ কিলোমিটার দূরত্বে (৯৯ মাইল) ২ হাজার স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তাক করা হবে।
এ বছরের শেষ নাগাদই তা মোতায়েন করা হতে পারে বলে জানান ইয়াং। তিনি বলেন, আমরা বরাবরই এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আসছি। কিন্তু তারা ক্ষেপণাস্ত্র কমাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৪ ঘ.
bdnews24