জোহানেসবার্গ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা রোববার ৯২ বছরে পা দিয়েছেন। তার সম্মানে বিশ্ববাসী দিনটিকে প্রথমবারের মতো 'আন্তর্জাতিক দিবস' হিসেবে পালন করা ছাড়াও ৬৭ মিনিট জনকল্যাণে ব্যয় করার অঙ্গীকার করেছে।
কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের নেতা নেলসন ম্যান্ডেলা জীবনের ৬৭ বছর রাজনীতির পেছনে ব্যয় করেছেন। তার এ দীর্ঘ রাজনৈতিক জীবনের সম্মানে বিশ্ব নেতা থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য দেশের সব মানুষ রোববার ৬৭ মিনিট জনকল্যাণমূলক কাজে ব্যয় করার অঙ্গীকার করেছে।
২০০৯ সালে তার জন্মবার্ষিকীকে জাতিসংঘ 'নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস' হিসেবে স্বীকৃতি দেয়। এবারই রোববারের এ দিনটিতে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
অশীতিপর এ নেতা জোহানেসবার্গের নিজের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি কাটাচ্ছেন।
জন্মদিনে এ মহান নেতাকে একপলক দেখার জন্য অসংখ্য মানুষ মাদিবার (ম্যান্ডেলার) বাড়ির উঁচু দেওয়ালের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে।
'হ্যাপি বার্থ ডে মাদিবা' লেখা প্লাকার্ড ধরে অপেক্ষারত জেসি মার্টিনা বলেন, "আমি সকাল ৮ টা থেকে এখানে অপেক্ষা করছি। আমি হয়তো তাকে দেখার সৌভাগ্য লাভ করতে পারি।"
ম্যান্ডেলার বাড়ির ফটকের বাইরে ছেলেমেয়েরা জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও ফুল নিয়ে তাদের বাবা মার সঙ্গে অপেক্ষা করছে। এসব বার্তা ও ফুল তারা নেতার পরিবারের সদস্যদের কাছে দিতে চান।
২০০৮ সালে নেলসন ম্যান্ডেলা বিশ্বের প্রাজ্ঞ ও বিচক্ষণ নেতাদের নিয়ে 'দি এলডার্স' নামের এক গোষ্ঠী তৈরি করেন।
সে গোষ্ঠীর প্রধান ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট মার্তি আহতিসারি বলেন, "প্রেসিডেন্ট ম্যান্ডেলা জীবনের ৬৭ বছর উৎসর্গ করেছেন। এখন আমরা মাত্র ৬৭ মিনিট ব্যয় করে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করতে পারি।"
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার বলেন, "নেলসন ম্যান্ডেলা আমাদের এক অসাধারণ সুযোগ ও দায়িত্ব দিয়েছেন, যাতে আমরা ম্যান্ডেলা দিবসে সক্রিয়ভাবে কোনো ইতিবাচক কাজ করতে পারি।"
ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা মিশেল বলেন, "ম্যান্ডেলা বেশ ভালো আছেন। তাঁর স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো।"
বর্ণবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ ২৭ বছর কারাবাসের পর ১৯৯০ সালে মুক্তি পেয়েই ম্যান্ডেলা বর্ণবাদী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেন। ফলে মুক্ত গণতান্ত্রিক আফ্রিকার আবির্ভাব হয়। সমাজের অবহেলিত মানুষ ফিরে পায় মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১১১ ঘ.
bdnews24