কারাকাস, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---উনিশ শতকে ল্যাটিন আমেরিকার স্বাধীনতার স্থপতি সাইমন বলিভারের দেহাবশেষ ডিএনএ পরীক্ষার জন্য শুক্রবার কবর থেকে তুলে এনেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ।
বলিভারকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছিলো কিনা তা জানার জন্য এ পরীক্ষা করা হচ্ছে।
প্রচলিত তথ্যানুযায়ী সাইমন বলিভার যক্ষা রোগে আক্রান্ত হয়ে ১৯৩০ সালে কলম্বিয়ায় মৃত্যুবরণ করেন।
কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এ ধারণাকে খারিজ করে দিয়ে তার দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন।
সাইমন বলিভার ছিলেন ভেনেজুয়েলার একজন বিখ্যাত সমরবিদ। কয়েক শতাব্দী ধরে চলা স্পেনের ঔপনিবেশিক শাসন থেকে তিনি দক্ষিণ আমেরিকার অনেক দেশ স্বাধীন করেন।
বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, পানামা, পেরু এবং ভেনেজুয়েলার স্বাধীনতা আন্দোলন পরিচালনায় ল্যাটিন আমেরিকার জর্জ ওয়াশিংটন খ্যাত বলিভারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
শ্যাভেজের দাবি, বলিভারের প্রতিদ্বন্দ্বী কলম্বিয়ার জেনারেল ফ্রান্সিসকো ডি পাউলা স্যান্তানদার বলিভারকে বিষপ্রয়োগে হত্যা করেছিলেন।
ভেনেজুয়েলার নতুন উদ্বোধন হওয়া ফরেনসিক গবেষণাগার বলিভারের দেহাবশেষের ডিএনএ পরীক্ষার মধ্যে দিয়ে যাত্রা শুরু করবে।
কফিনে রাখা বলিভারের দেহাবশেষ দেখে শ্যাভেজ তার টুইটার অ্যাক্যাউন্টে লিখেছেন, "আজ আমরা একটি অসাধারণ রাত কাটিয়েছি। আমরা মহান বলিভারের দেহাবশেষ দেখেছি।"
কফিনের মধ্যে একটি কন্টেইনারে ভেনেজুয়েলার পুরনো পতাকায় মোড়ানো ছিল বলিভারের দেহাবশেষ।
বিশ্লেষকরা মনে করছেন পুরনো এ ঘটনা আবার অনুসন্ধান করায় প্রতিবেশি দেশ কলম্বিয়ার সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক আরো খারাপ হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২২৩৫ ঘ.
bdnews24