২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি শাভেজের

বামপন্থী বিদ্রোহীদের উপস্থিতিকে মেনে নেওয়ার অভিযোগ করায় শুক্রবার কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 09:01 AM

Updated : 25 Aug 2022, 02:04 PM

কারাকাস, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বামপন্থী বিদ্রোহীদের উপস্থিতিকে মেনে নেওয়ার অভিযোগ করায় শুক্রবার কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। বৃহস্পতিবার কলম্বিয়া জানিয়েছে, দেশটির রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) গেরিলারা কলম্বিয়ার সীমান্তবর্তী ভেনেজুয়েলার জঙ্গলে লুকিয়ে রয়েছে। সে বিষয়ে তাদের কাছে প্রমাণ আছে। কলম্বিয়ায় দশকব্যাপী গৃহযুদ্ধ ও শাভেজের বিরুদ্ধে বামপন্থী বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগ নিয়ে গত দুই বছর ধরেই ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে শাভেজ বলেন, "তারা যদি এ ধরনের উন্মত্ততা অব্যাহত রাখে তাহলে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আমি। এতে করে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা আরো কঠিন হয়ে পড়বে।" শাভেজ নিরাপত্তার কারণ দেখিয়ে আগস্টে কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি সান্টোসকে বিদায়ী প্রেসিডেন্ট আলভারো উরিব থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। হঠাৎ করেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে অভিযোগ করে শাভেজ বলেন, "নিজের প্রাণ বাঁচানোর দায়িত্ব রয়েছে আমার। আর এজন্যই নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যোগ দেব না।" আগামী ৭ আগস্ট কলম্বিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট শপথ নেবেন। কলম্বিয়া জানিয়েছে, তাদের কাছে স্যাটেলাইট চিত্র রয়েছে যাতে দেখা যাচ্ছে ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে ফার্ক কমান্ডারের একটি ক্যাম্প রয়েছে। তবে কলম্বিয়ার এ অভিযোগ অস্বীকার করেছেন শাভেজ। এদিকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে ঘোষণা সান্টোস দিয়েছেন তা পূরণে তাকে সুযোগ দেওয়ার কথা জানিয়ে শাভেজ বলেন, "আমি তা দেখার জন্য অপেক্ষা করছি।" কলম্বিয়া জানায়, গত ছয় বছর ভেনেজুয়েলায় থাকা সন্দেহভাজন বিদ্রোহীদের বিষয়ে তথ্য দেওয়া হলেও কারাকাস এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫২ঘ.