ওয়াশিংটন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিআইএ'র গুপ্তচর হিসেবে কাজ করেছেন কথিত অপহৃত পরমাণু বিজ্ঞানী শাহরাম আমিরি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার একথা জানায়।
ইতোপূর্বে আমিরি দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাকে এক বছর আগে অপহরণ করেছিল।
আমিরি বৃহস্পতিবার ইরানে ফিরেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাকে মিথ্যা বলার জন্য চাপ দেওয়া হয়েছিল।
অন্যদিকে অপহরণের কথা অস্বীকার করে যুক্তরাষ্ট্রে আমিরি স্বাধীনভাবেই চলাফেরা করেছেন বলে দাবি করেছে ওয়াশিংটন।
সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে তেহরানের একটি বিশ্ববিদ্যালয় ইরানের পরমাণু কর্মসূচির গোপন সদর দপ্তর হয়ে ওঠে সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের বিস্তারিত জানিয়েছেন ইরানের এই পরমাণু বিজ্ঞানী ।
কর্মকর্তারা আরো জানান, ২০০৭ সালে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি প্রকাশিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছিলেন। তখন ইরান থেকে আমিরি তথ্যদাতা হিসেবে কাজ করেছেন।
একজন কর্মকর্তা জানান, আমিরি তার দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ ও প্রকৃত তথ্য দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৩১ঘ.
bdnews24