বুয়েনস আয়ারস, ১৫ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সমকামী বিয়েকে বৃহস্পতিবার প্রথম বৈধতা দিয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।
টানা ১৪ ঘন্টার বিতর্কের পর সেনেটে সমকামী বিয়ে বিল ভোটাভুটিতে পাস হয়েছে। বিলের পক্ষে পড়ে ৩৩ এবং বিপক্ষে পড়ে ২৭ ভোট। তিনজন ভোটদানে বিরত ছিল।
মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ সমকামী বিয়ে সমর্থন করেছেন। চীন সফর শেষ করে দেশে এসে তিনি বিলটিতে সই করবেন বলে আশা করা হচ্ছে।
বিলের আওতায় সমকামী বিয়ের পাশাপাশি শিশু দত্তক নেওয়াও বৈধতা পাচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'তেলাম' এ ফার্নান্দেজ বলেন, "সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বিলটি ইতিবাচক পদক্ষেপ।"
রোমান ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দেশ আর্জেন্টিনায় চার্চের ধর্মযাজকরা বিলটির লাখো বিরোধিতাকারী ও অন্যান্য লোকজনকে সঙ্গে নিয়ে মঙ্গলবার কংগ্রেসের বাইরে বিক্ষোভ করেছে।
কিন্তু জনমত জরিপে দেখা গেছে, আর্জেন্টিনার বেশির ভাগ মানুষই সমকামী বিয়ে সমর্থন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এএইচ/এলকিউ/২১২৯ গ.
bdnews24