২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যের জন্যে আমিরিকে ৫০ লাখ ডলার দিয়েছে সিআইএ

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য শাহরাম আমিরিকে সিআইএ ৫০ লাখেরও বেশি ডলার দিয়েছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 07:13 AM

Updated : 25 Aug 2022, 01:58 PM

তেহরান, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য শাহরাম আমিরিকে সিআইএ ৫০ লাখেরও বেশি ডলার দিয়েছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে। আমিরি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ইরানে পৌঁছেন। ইরানের এ বিজ্ঞানীকে সিআইএ অপহরণ করেছিল বলে অভিযোগ করে আসছে তেহরান। পোস্ট পত্রিকার প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, "তিনি অর্থ ফেরত দিতে বাধ্য নন। তবে সিআইএ'র সঙ্গে সহযোগিতা বন্ধ করা এবং দেশে ফিরে যাওয়ার কারণে তিনি এ অর্থ নাও পেতে পারেন।" এতে আরো বলা হয়, "তিনি যা কিছু পেয়েছিলেন তার সবই এখন তার ধরা ছোঁয়ার বাইরে। ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অভিনন্দন। তিনি চলে গেছেন, কিন্তু তার অর্থ নয়। আমরা তার তথ্য পেয়েছি, আর ইরান পেয়েছে তাকে।" এর আগে অপর এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, তেহরানের পরমাণূ কর্মসূচির বিষয়ে আগ্রহী যুক্তরাষ্ট্র আমিরির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তারও আগে মার্চ মাসে এবিসি জানিয়েছিল, সিআইকে সহায়তা করছে আমিরি। নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা বলেন, ইরান সরকার পরিবারের ক্ষতি করবে বলে উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হন আমিরি। ওদিকে, আমিরি বৃহস্পতিবার দেশে ফিরে সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি পরমাণু বিজ্ঞানী নন। নিজেকে একজন সাধারণ গবেষক দাবি করে আমিরি জানান, আমি কখনোই পরমাণু নিয়ে গবেষণা করিনি। তবে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মিথ্যা কথা বলার জন্য তাকে চাপ দেওয়া হয়েছে। তাছাড়া, ইসরায়েলি এজেন্টরা তাকে জেরা করেছে বরেও জানান তিনি। এএফপি জানিয়েছে, ২০০৯ সালে সৌদি আরবে হজ করার সময় তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এ অভিযোগ পুনর্ব্যক্ত করেছেন আমিরি। সেইসঙ্গে আমেরিকায় থাকা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 'মিথ্যা কথা' ছড়ানোর জন্য তাকে বিপুল অঙ্কের ডলার প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র আমিরিকে অপহরণ করার কথা অস্বীকার করেছে। তবে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে জানতে কৌতুহলী যুক্তরাষ্ট্র আমিরির কাছ থেকে তথ্য পেয়েছে। বাদামী রংয়ের স্যুট পরা আমিরি বৃহস্পতিবার তেহরান ইন্টারন্যাশনাল ইমাম খোমেনি বিমানবন্দরে পৌঁছে তার স্ত্রী ও ছেলেকে জড়িয়ে ধরেন। এসময় প্রায় ১০টি পরিবার ফুল নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো অভিযোগ করলেও ইরান জানিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা এ কর্মসূচি চালাচ্ছে। আমিরি নিখোঁজের পর এ সন্দেহ আরো জোরদার হয় যে, আমিরি হয়ত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য দিয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার হয়ে কাজ করা আমিরিকে এক বছর আগে সৌদি আরব থেকে সিআইএ অপহরণ করেছে বলে ইরান অভিযোগ করে। তবে অপহরণের বিষয়টি অস্বীকার করে ওয়াশিংটন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আমিরি তার ইচ্ছাতেই আসা-যাওয়া করতে পারেন। যুক্তরাষ্ট্র তাকে ধরে রাখেনি। গত মঙ্গলবার আমিরিকে যুক্তরাষ্ট্রের পাকিস্তান দূতাবাসের ইরানি শাখায় আকস্মিকভাবে পাওয়া যায়। পরে সেখান থেকে বুধবার তাকে দেশে ফেরত পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/এলকিউ১১৫৩ঘ.