২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার পেছনে ছিল আইএসআই: ভারত

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

নয়া দিল্লি, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বিরুদ্ধে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই। ভারতের একটি সংবাদপত্রে পিল্লাই বুধবার এ অভিযোগ করছেন। ওই হামলার পর এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরাসরি অভিযোগ জানালো। মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হন। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র পিল্লাইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, "এটি নিছক চৌহদ্দির বাইরে থেকে রাখা কোনো ভূমিকা নয়।" পিল্লাই বলেন, "তারা (আইএসআই) আক্ষরিক অর্থেই হামলার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টি নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করেছে।" মুম্বাই হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যকার বৈরি সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৃহস্পতিবার ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা। তার ঠিক একদিন আগেই পিল্লাই ওই হামলার ব্যাপারে পাকিস্তানকে অভিযুক্ত করলেন। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে পিল্লাইয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৫ঘ.