২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'চেওনান ডুবি'র বৈঠক বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসতে যাচ্ছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

সিউল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসতে যাচ্ছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। বুধবার জাতিসংঘ কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (০১০০ জিএমটি) সীমান্তবর্তী পানমুনজম গ্রামে বৈঠক অনুষ্ঠিত হবে। মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ 'চেওনান' ডুবে যাওয়ার ঘটনা নিয়ে প্রথমবারের মতো এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা থাকলেও 'প্রশাসনিক কারণ' দেখিয়ে বৈঠকে অংশ নেয়নি উত্তর কোরিয়া। টর্পোডো দিয়ে 'চেওনান' জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক প্রাণ হারায়। তবে উত্তর কোরিয়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এর আগে উত্তর কোরিয়া মার্কিন নেতৃত্বাধীন কমান্ডের সঙ্গে বৈঠকে বসতে রাজি না হলেও শুক্রবার তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। এদিকে জাতিসংঘের বিবৃতির পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া স্থগিত হয়ে যাওয়া ছয় জাতির পরমাণু বিষয়ক আলোচনায় শর্ত সাপেক্ষে অংশগ্রহণের কথা আবারো জানিয়েছে। তবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শন ও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অব্যাহত রাখলে 'কঠিন প্রতিশোধের' হুমকিও দিয়েছে উত্তর কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫৫ঘ.