বুয়েন্স আয়ার্স, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- সমকামী বিয়ে সংক্রান্ত বিল অনুমোদনের বিরুদ্ধে বুয়েন্স আয়ার্সে মঙ্গলবার চার্চ আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন প্রায় দশ সহস্রাধিক আর্জেন্টাইন।
নিুকক্ষে ছাড় পাওয়া বিলটিতে চূড়ান্ত অনুমোদন পেতে বুধবার সিনেটরদের ভোটের জন্য উপস্থাপন করা হবে। আর তা ঠেকাতেই কংগ্রেসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চার্চ।
এতে অংশ নেওয়া প্রতিবাদকারীদের কারো কারো হাতে ছিল, "আমরা একজন বাবা এবং একজন মা চাই", "সত্যিকারের পরিবারকে হ্যাঁ বলুন" ইত্যাদি লেখা সম্বলিত পোস্টার।
রোমান ক্যাথলিক চার্চ বিল অনুমোদনের এ পদক্ষেপকে "শয়তানের প্রজেক্ট" বলে অভিহিত করেছে।
ল্যাটিন আমেরিকার এ দেশটিতে ৯১ ভাগ জনগণই ক্যাথলিক। বুধবার প্রস্তাবনাটি পাস হলে আর্জেন্টিনাই হবে ওই অঞ্চলের সমকামী বিয়ে অনুমোদনকারী প্রথম রাষ্ট্র।
বিপরীত লিঙ্গের জুটিদের মত সমকামী জুটিদের একই অধিকার অনুমোদনের প্রস্তাবনাটি গত ৫ মে নিম্নকক্ষের বাধা পার হয়।
বুয়েন্স আয়ার্সের আর্চ বিশপ জর্জ বার্গোগলিও বিক্ষোভের সময় তার লিখিত বক্তব্যে বলেন, একজন পুরুষ ও নারীর মধ্যে বিয়েই "বংশবৃদ্ধির একমাত্র প্রাকৃতিক উপায়"।
তিনি উল্লাসরত অনুগামীদের উদ্দেশ্য করে বলেন, "তারা যদি এ বিলটির অনুমোদন দেয় তবে তা হবে প্রকৃতঅর্থে মারাত্মকভাবে নৃতত্ত্ব-বিরোধী"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২৪৩ঘ.
bdnews24