জেরুজালেম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের সেনাবাহিনী গত ৩১ মে গাজা অভিমুখী ত্রাণজাহাজকে বাধা দিতে পর্যাপ্ত প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছে। ফলে ঘটনাটি প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
ইসরায়েলের গণমাধ্যম সোমবার সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনে প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে একথা জানিয়েছে।
অবসর প্রাপ্ত ইসরায়েলি জেনারেল জিয়োরা এইল্যান্ডের নেতৃত্বে গঠিত সামরিক তদন্ত কমিশন সোমবার দিনশেষে এ প্রতিবেদনটি প্রকাশ করবে।
তার আগেই ইসরায়েলের ইয়েদিয়োথ আ'রোনোথ পত্রিকা প্রতিবেদনটির প্রাপ্ত তথ্য উদ্ধৃত করে জানিয়েছে, তুর্কি-পতাকাবাহী মাভি মারমারা জাহাজটি গাজায় পৌঁছানোর আগে গোয়েন্দা প্রস্তুতিতে ত্র"টি ছিল।
তাছাড়া কমান্ডোদেরকে লড়াইয়ের যে নির্দেশনা দেওয়া হয়েছিল তাও ভুল ছিল।
মে মাসের ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি কমোন্ডোদের হামলায় ৯ জন তুর্কি ত্রাণকর্মী নিহত হয়। ঘটনাটি নিয়ে সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে মারাত্মক বিরোধ দেখা দেয়।
গাজামুখী ত্রাণজাহাজকে ঠেকাতে কমান্ডোরা জাহাজে পদার্পন করার সঙ্গে সঙ্গে যাত্রীদের কাছ থেকে হামলার শিকার হয়ে আত্মরক্ষার্থে তারা যাত্রীদের ওপর গুলি ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ওই সময় ইসরায়েল এও বলেছে যে, কয়েকজন কমান্ডো কেবল মাত্র সাধারণ প্রতিরোধের কথা চিন্তা করে মামুলি অস্ত্র নিয়ে জাহাজের ডেকে নামে।
ঘটনাটি তদন্তে ইসরায়েলের সামরিক কমিশন ছাড়াও একটি বেসামরিক কমিটি পৃথক তদন্ত চালাচ্ছে।
ইয়েদিওথ আ'রোনোথ পত্রিকা ও অন্যান্য ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এইল্যান্ড কমিশনের প্রতিবেদনে কোনো ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হবে না। তবে তদন্তে যে তথ্য পাওয়া গেছে তাতে ঊর্ধ্বতন কর্মকতৃারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০০ ঘ.
bdnews24