হিউস্টোন, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নিঃসরণ বন্ধের নতুন চেষ্টা শুরু করেছে ব্রিটিশ পেট্রোলিয়াম। এবার তারা আগের চেয়েও বড় ও মজবুত ছিপি লাগিয়ে তেলকূপের ছিদ্র বন্ধের অভিযানে নেমেছে।
শনিবার তেল নিঃসরণ বন্ধে বড় ধরনের শক্ত ছিপি লাগানোর চেষ্টার প্রথম ধাপেই বিপি আগের লাগানো ছিপিটি সরিয়ে নিয়েছে। এখন পানির নীচে রোবোটের সাহায্যে নতুন করে ছিপি লাগানোর চেষ্টা চলছে।
নতুন ছিপি লাগাতে ৪ থেকে ৭ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বিপি। তার মানে এ ক'দিনও অবাধে নিঃসৃত হতে থাকবে তেল।
কর্মকর্তারা বলছেন, নতুন ছিপি লাগিয়ে নিঃসৃত হতে থাকা পুরো তেলই আটকে দেওয়া যাবে।
বিপির তেল অনুসন্ধান ও উৎপাদন বিষয়ক উর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট নেট ওয়েলস বলেছেন, আগের আর এখনকার ছিপির তফাৎ হচ্ছে, আগেরটি পুরোপুরিভাবে ছিদ্র বন্ধ করতে পারেনি। কিন্তু এবারেরটা তা পারবে।
মেক্সিকো উপসাগরে তেলকূপ বিস্ফোরণের এ দুর্ঘটনাটি ঘটে গত এপ্রিল মাসে। এতে নিহত হয় ওই কূপের ১১ জন কর্মী। তারপর থেকেই ক্রমাগত ওই কূপটি থেকে গ্যালন গ্যালন তেল নিঃসরণ হচ্ছে। তেলে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি উপকূলীয় অঞ্চল।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ দুর্ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় পরিবেশ বিপর্যয় আখ্যা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১১৩ ঘ.
bdnews24