ইয়াঙ্গুন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মিয়ানমারের নতুন বিরোধী দল ন্যাশনাল ডেমোক্রেটিক ফোর্স (এনডিএফ) দেশের গণতন্ত্রপন্থী গৃহবন্দী নেত্রী অং সান সূ চির প্রতি আনুগত্য প্রকাশ করেছে।
তারা সূ চি'র গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের অনুমতি পাওয়ার পর এনডিএফ শনিবার এই আনুগত্য প্রকাশ করে।
মিয়ানমারের সামরিক জান্তা সু চি'র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) নিষিদ্ধ ঘোষণা করার পর এই দলের সদস্যরা নতুন দল এনডিএফ গঠন করে। এনডিএফ শুক্রবার রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করার অনুমতি পায়।
এনডিএফ চেয়ারম্যান নেইন বলেন, "এই দলের নেতা-কর্মীরা এখনও সূ চি'র প্রতি অনুগত। এ দল গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত রাখবে।"
তিনি আরো বলেন, "অং সান সূ চি হচ্ছেন গণতন্ত্রের প্রকৃত আদর্শ। আমরা সবসময়ই তার সাহস, বিশ্বাস ও আত্মত্যাগের প্রশংসা করবো, তার গুণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব।"
১৯৮৮ সালে জান্তার বিরুদ্ধে গণবিদ্রোহের মধ্য দিয়ে এনএলডি গঠিত হয়। এ বিদ্রোহে হাজার হাজার মানুষ প্রাণ হারায়।
এরপর ১৯৯০ সালের নির্বাচনে এনএলডি বিপুল বিজয় অর্জন করলেও সামরিক জান্তা দলটিকে সরকার গঠন করতে দেয়নি।
এরপর থেকে গত বিশ বছরে বেশির ভাগ সময় সু চিকে কারাবন্দী অথবা গৃহবন্দী করে রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/কেএমএস/১৬৪৫ ঘ.
bdnews24