২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষদিনের নির্বাচনী প্রচারণায় জাপানের প্রধানমন্ত্রী

উচ্চকক্ষের নির্বাচনী প্রচারাভিযানের শেষদিন শনিবারও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2010, 09:52 AM

Updated : 25 Aug 2022, 01:39 PM

টোকিও, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- উচ্চকক্ষের নির্বাচনী প্রচারাভিযানের শেষদিন শনিবারও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী নাওতো কান। ১০ মাস ধরে ক্ষমতাসীন দলটির জন্যে এ নির্বাচন গণভোট বলে বিবেচিত হচ্ছে। রোববারের নির্বাচনেই জাপানিরা ব্যালটের মাধ্যমে কান ও তার মধ্যবামপন্থী ডেমোক্রেটিক পার্টি অব জাপান'র (ডিপিজে) প্রতি জাতীয় সমর্থন আছে কিনা তা প্রকাশ করবে। সাবেক প্রধানমন্ত্রী উকিও হাতোয়ামার নেতৃত্বে ডিপিজে গত আগস্টে নিম্নকক্ষের নির্বাচনে অর্ধশতাব্দী ধরে ক্ষমতায় থাকা রক্ষণশীলদের হটিয়ে সরকার গঠন করে। শেষদিনে দেশজুড়ে ৪৩৭ জন প্রার্থী জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। উচ্চকক্ষে মোট ২৪২টি আসনে নির্বাচন হবে। ক্ষমতাসীনদের আধিপত্য ধরে রাখতে ন্যুনতম ১২১ টি আসন প্রয়োজন হবে। যা মোট আসনের অর্ধেক। ডিপিজে ৬২টি আসনে অপ্রতিদ্বন্দ্বী। জয়ী হতে তাদের প্রয়োজন হবে আরো অন্তত ৬০টি আসন। সংবাদপত্রগুলো নির্বাচন পূর্ববর্তী জরিপের ফলাফল বিশ্লেষণ করে ধারণা করছে, কানের নেতৃত্বে দলটি উচ্চকক্ষে একক আধিপত্য অর্জন করতে পারবে না। যদি তাই শেষ পর্যন্ত ঘটে তবে নতুন রাজনৈতিক মিত্রের সন্ধান করতে হবে ডিপিজে'র। জিজি প্রেস জানায়, জাপানের মধ্যাঞ্চল ফুকুইয়ে সমর্থকদের উদ্দেশে কান বলেন, "আজ সর্বশেষ দিন। আমাদের প্রচারাভিযান শেষ মিনিট পর্যন্ত চলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫৪৭ঘ.