মন্টেরি, মেক্সিকো, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ভারী বর্ষণে প্লাবিত মেক্সিকোর উত্তরাঞ্চলে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ।
পাশাপাশি বন্যার কারণে বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সেতু।
ভারী বর্ষণের কারণে কয়েক দশকে টেক্সাস থেকে শুরু করে সীমান্তবর্তী প্রদেশ কোয়াহুইলা, নিউভো লিয়ন এবং তামাউলিপাস যেন জলাধারে পরিণত হয়েছে। সেখানকার কর্মকর্তারা বড় ধরনের ক্ষয়-ক্ষতি এড়াতে জমে থাকা পানি সোলেন নদীতে ফেলছে।
গত সপ্তাহে নিউভো লিয়নে হারিক্যান অ্যালেক্সের আঘাতে ১৫ জন মারা যান। অ্যালেক্সের কারণে অঞ্চলটিতে এখনো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে।
কোয়াহুইলার যোগাযোগ সমম্বয়ক ডেভিড অগুইলন জানিয়েছেন, এ প্রদেশে প্রায় ৪০ হাজার ঘর-বাড়ি নষ্ট হয়েছে।
বুধবার রিও গ্রেন্ড নদীর পানি ১০ মিটার বেড়ে যাওয়ায় টেক্সাস ও তামাউলিপাসের মধ্যবর্তী সেতুটি বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক এ সেতুটি আমেরিকার প্রবেশপথ বলে বিবেচিত এবং সীমান্ত পারাপারের জন্য ব্যস্ততম একটি সেতু।
বাকি দুটি সেতু খোলা থাকলেও ওগুলো পর্যবেক্ষণে রয়েছে।
তামাউলিপাসে কিছু জলাধার উপচে ওঠায় বন্যার আশঙ্কায় প্রায় সাড়ে ৩ হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে যায়।
এছাড়া নিউভো লিয়ন প্রদেশের কর্তৃপক্ষ নিকটবর্তী বাঁধ উপচে পানি ঢুকে পড়ার আশঙ্কায় অনাহুয়াক শহরের প্রায় ২২ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সার্ভিস পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিন টেক্সাসের দক্ষিণাঞ্চল এবং মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩৪৮ঘ.
bdnews24