২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ভূতাত্ত্বিককে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

গুপ্তচর বৃত্তির দায়ে দণ্ডিত মার্কিন ভূতাত্ত্বিককে দ্রুত মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 07:25 AM

Updated : 25 Aug 2022, 01:30 PM

ওয়াশিংটন, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- গুপ্তচর বৃত্তির দায়ে দণ্ডিত মার্কিন ভূতাত্ত্বিককে দ্রুত মুক্তি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "চীনা আইনের আওতায় বিচার প্রক্রিয়ায় তার অধিকারের বিষয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন।" টোনার আরো বলেন, "আমরা চীনের প্রতি ড. জু ফেং কে মানবিক বিবেচনায় দ্রুত মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।" ২০০৭ সালের শেষ দিকে জু ফেং একটি তেল কোম্পানির তথ্যউপাত্ত (ডাটাবেইস) তার মার্কিন কনসাল্টিং ফার্ম 'আইএইচএস এনার্জি'র কাছে বিক্রির ব্যবস্থা করে দেওয়ার পর আটক হন। এর পরিপ্রেক্ষিতে চীনা বংশোদ্ভূত মার্কিন ভূতাত্ত্বিক জু ফেং কে চীনের একটি আদালত আট বছরের কারাদণ্ড দেয়। কূটনৈতিকসূত্রে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে এই বিষয়টি নিয়ে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সাথে কথা বলেছেন। আটক হওয়ার পর থেকে চীনের মার্কিন কনস্যুলারের কর্মকর্তারা অন্তত ৩০ বার জু ফেং-এর সাথে দেখা করেছেন। চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান সোমবার বেইজিং-এ জু ফেং-এর চূড়ান্ত রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তিনি হতাশা ব্যক্ত করেন। এর আগে চীন ও যুক্তরাষ্ট্রে বন্দিদের অধিকার নিয়ে কাজ করা 'দুইহুয়া ফাউন্ডেশন' জানিয়েছে, এক বছরের বিচার কার্যক্রম শেষে জু'র বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন দলিল সংগ্রহ ও তা পাচারের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে জু'র জেল হওয়ার পাশাপাশি দুই লাখ ইউয়ান জরিমানাও হয়েছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র রিচার্ড বুয়াংগান জানান, "ড. জুর আট বছরের জেল ও দুই লাখ ইউয়ান জরিমানা হওয়ায় আমরা হতাশ। তবে চীনের আইনের আওতায়ই আমরা তার অধিকার রক্ষার জন্য কাজ করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০৪ঘ.