কলোম্বো, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকায় তামিল টাইগারদের সঙ্গে লড়াইয়ের শেষদিনগুলোতে সেনাবাহিনীর যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত জাতিসংঘ তদন্ত প্যানেলের বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভ করেছে শ' শ' মানুষ।
বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন শ্রীলংকার গৃহায়ণমন্ত্রী বিমল বিরাওয়ানসা। তার ডাকে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা যুদ্ধাপরাধ তদন্ত বন্ধ করার দাবিতে রাজধানী কলোম্বোয় জাতিসংঘ কার্যালয় ঘেরাও করে।
একইসঙ্গে যুদ্ধাপরাধ তদন্তে গঠিত তিন সদস্যের মানবাধিকার প্যানেলের প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব মান কি মুনের কুশপুত্তলিকাও পোড়ায় বিক্ষোভকারীরা।
বান ২২ জুন ওই তদন্ত প্যানেল নিয়োগ করেন। এতে ক্ষুব্ধ হয় শ্রীলংকা সরকার।
এ প্যানেল শ্রীলংকার সার্বভৌমত্ত্বের লঙ্ঘন এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত পশ্চিমা সরকারগুলোর দ্বিমুখী নীতির অনাকাঙ্খিত প্রয়োগ বলে সরকার অভিযোগ করেছে।
শ্রীলংকার সেনাবাহিনী ২০০৯ সালের মে মাসের লড়াইয়ে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের পরাজিত করে ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়।
ওই লড়াইয়ের শেষ কয়েকমাসে সেনাবাহিনী কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা সে সম্পর্কে বান কি মুনের কাছে প্রতিবেদন জমা দেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে কী করণীয় সে ব্যাপারে বানকে পরামর্শ দেওয়ার কথা রয়েছে তদন্ত প্যানেলের।
মঙ্গলবারের বিক্ষোভ সমাবেশে জনতার উদ্দেশে বীরাওয়ানসা বলেন, "আমরা বানের প্যানেল বাতিল না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাব।"
এ সময় বিক্ষোভকারীরা জাতিসংঘের বিরুদ্ধে স্লোগান দিয়ে বান কি মুনের কুশপুত্তুলিকা পোড়ায়। বানকে চরম শিক্ষা দেওয়া হবে বলে হুঁশিয়ারী দেন বীরওয়ানসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯০৯ ঘ.
bdnews24