বেইজিং, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-চীন মঙ্গলবার ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাখান করে বলেছে, জাতিসংঘের সিদ্ধান্তের বাইরে গিয়ে ওয়াশিংটন এককভাবে এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের তেল আমদানি হ্রাস ও আন্তর্জাতিকভাবে দেশটিকে বিচ্ছিন্ন করতে একটি নিষেধাজ্ঞা প্রস্তাবে সাক্ষর করেন।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কিন গাং এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "চীন ইতোমধ্যেই খেয়াল করেছে যে, যুক্তরাষ্ট্র ও অন্য কিছু দেশ এককভাবে ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে।"
গত মাসে ইরানের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞা প্রস্তাবের বিষয়টি উল্লেখ করে কিন বলেন, "অল্প কিছু দিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা প্রস্তাব ১৯২৯ অনুমোদন করেছে।
চীন মনে করে নিরাপত্তা পরিষদের অনুমোদিত নিষেধাজ্ঞা প্রস্তাব সঠিক ও সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। তবে তা ইচ্ছে মতো বাড়ানো যাবে না।"
মার্কিন পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট উভয় কক্ষই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা বিল অনুমোদন করেছে। এ নিষেধাজ্ঞা বিল অনুযায়ী ইরানের কাছে পেট্রোল (গ্যাসোলিন) সরবরাহকারী কোম্পানিগুলো ও ইরানের সঙ্গে লেনদেন করা আন্তর্জাতিক ব্যাংকগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার আহ্বান না শোনায় গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদন করে। সে নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্র আবার নতুন করে দেশটির ওপর এককভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ইরান দাবি করে তার পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, ইরান পরমাণু বোমা তৈরির জন্য পরমাণু কর্মসূচি পরিচালনা করছে।
সংবাদ ব্রিফিংয়ে কিন আবারো বলেন, চীন মনে করে ইরানের পরমাণু বিতর্ক নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24