বার্লিন, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা গাজা পরিদর্শনে ইসরায়েলের আমন্ত্রণসোমবার গ্রহণ করেছেন।
গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এ আমন্ত্রণকে তারা 'গুরুত্বপূর্ণ সুযোগ' বলে মনে করছেন।
২০০৭ সালে ইসলামপন্থী হামাস গাজার নিয়ন্ত্রণ নিলে সেখানে কঠোর অবরোধ আরোপ করে ইসরায়েল।
এরপর থেকে ইসরায়েল কোন বিদেশি কূটনীতিককে গাজার চেকপোস্ট পার হওয়ার অনুমতি দেয়নি।
গাজা পরিদর্শনে আমন্ত্রণ জানানোর জন্য ইতালি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা একটি সম্মিলিতি চিঠির মাধ্যমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদোর লিবারম্যানকে অভিনন্দন জনিয়েছেন।
জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "সম্মিলিত প্রত্যুত্তরে আমরা জানিয়েছি, আমরা আনন্দের সঙ্গে এ আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আশা করছি গাজা পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলের বক্তব্য শীঘ্রই বাস্তবায়িত হবে।"
বিবৃতিতে আরো বলা হয়, গাজার ক্ষেত্রে ইসরায়েল ইতোমধ্যে যে নীতি হাতে নিয়েছে তা উল্লেখযোগ্য এবং প্রশংসনীয় উদ্যোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৩০৭ঘ.
bdnews24