হাভানা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আমরণ অনশনরত কিউবার নাগরিক গুইলারমো ফারিনাস জানিয়েছেন, তিনি মৃত্যুর কাছাকাছি রয়েছেন।
সোমবার ইন্টারনেটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি আরো জানান, তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন ফিদেল কাস্ত্রো ও তার ভাই রাওল কাস্ত্রো।
কারাগারে আটক বিরোধী দলের ২৫জন কর্মীর মুক্তির দাবিতে ১৩১ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন এ মনস্তাত্ত্বিক।
বিবৃতিতে ফারিনাস বলেন, "মৃত্যু যে খুব কাছেই এ বিষয়ে আমি সচেতন এবং ২৫ জন রাজনৈতিক বন্দির জীবন রক্ষার প্রচেষ্টাকে আমি সম্মান হিসেবে দেখছি।"
এর আগে শনিবার কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমাতে বলা হয়, ঘাড়ে রক্ত জমাট বাধায় ফারিনাস (৪৮) মৃত্যু ঝুঁকিতে রয়েছেন এবং তাকে আরো চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে।
সান্টা ক্লারা শহরের হাসপাতালে চিকিৎসাধীন ফারিনাসকে শিরার মধ্য দিয়ে প্রয়োজনীয় পথ্য সরবরাহ করা হচ্ছে।
তবে গ্রানমাকে দেওয়া সাক্ষাতকারে তার প্রধান চিকিৎসক আরমান্ডো কাবালেরো জানান, রক্ত যেন জমাট না বেধে যায় সেজন্য তাকে ওষুধ দেওয়া হলেও বারবার সংক্রমণের ফলে শিরার মাধ্যমে পথ্য সরবরাহে সমস্যা দেখা দিতে পারে।
এদিকে প্রেসিডেন্ট রাওল কাস্ত্রো জানান, ফারিনাসকে বাঁচিয়ে রাখতে সব কিছুই করা হচ্ছে। তবে সাম্প্রতিক এক ভাষণে তিনি বলেছিলেন, "ফারিনাস মারা গেলে তা হবে তার নিজেরই ভুল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩৬ঘ.
bdnews24