নিউ অরলিন্স, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেস্কিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে নিঃসৃত তেল শোষণে শনিবার পরীক্ষামূলকভাবে একটি সুপার ট্যাঙ্কারের ব্যবহার শুরু হয়েছে।
তাইওয়ানের একটি সুপারট্যাঙ্কার শনিবার পরীক্ষামূলকভাবে নিঃসরিত তেল শোষণের এ কাজ শুরু করেছে।
সুপারট্যাঙ্কারটির নাম দেওয়া হয়েছে 'তিমি'।
টিএমটি শিপিং অফশোর'র মুখপাত্র বব গ্রানথাম বলেন, মার্কিন উপকূলরক্ষী বাহিনী 'তিমি' নামের সুপার ট্যাঙ্কারটির মাধ্যমে দু'দিনের জন্য তেল শোষণের বিষয়টি পর্যবেক্ষণ করছে।
তেল শোষণ কাজে নিয়োজিত টিএমটির মালিকানাধীন জাহাজের ক্রুরা জানান, সবকিছু পরিকল্পনা মতো চললে টিএমটি তেল সংগ্রহ করতে ব্যবহৃত এ ট্যাঙ্কারটির জন্য একটি চুক্তি করবে। সেটি সমুদ্র থেকে দৈনিক ৫ লাখ ব্যারেলেরও (২১ মিলিয়ন গ্যালন) বেশি তেল ও পানির মিশ্রণ আলাদা করতে পারবে।
বিপির মুখপাত্র টবি ওডন এএফপিকে জানায়, "এটি দানবের মত একটি ট্যাঙ্কার যার দু'ধারে তেল শুষে নেওয়ার জন্য কাট (তিমির মতো শোষক) রয়েছে।"
এটি তেল ও তেল মিশ্রিত পানি শুষে নেয় এবং তেলটুকু আলাদা করে রেখে পানিটুকু ফেলে দেয়।
অন্যদিকে গত দশ সপ্তাহ ধরে ছোট তেল শোষার বোটগুলো এ পর্যন্ত মাত্র ২৮ দশমিক ২ মিলিয়ন গ্যালন তেল শোষণ করতে পেরেছে যা 'তিমি' প্রায় একদিনেই পারবে।
ঘূর্ণিঝড় অ্যালেক্সের জন্য তেল নিঃসরণ ব্যাহত হলেও ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) আবারো তা শুরু করেছে। বড় ধরনের কোনো ক্ষয় ক্ষতি না ঘটিয়েই লুইজিয়ানা উপকূল অতিক্রম করেছে ঝড়টি।
ওদিকে, শনিবার 'ফিনানসিয়াল টাইমস' পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, তেল নিঃসরণ বন্ধ হওয়ার পর বিপির বিনিয়োগকারীরা বিপির প্রধান নির্বাহী টনি হেইওয়ার্ড ও চেয়ারম্যান কার্ল-হেনরিক সভানবার্গের জায়গায় পরিবর্তন দেখতে চান।
যুুক্তরাজ্যের শীর্ষ ১০ জন শেয়ারহোল্ডারের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, "এ কাজ শেষ হলে তেল নিঃসরণের ঘটনার পূর্ণাঙ্গ একটি তদন্ত করা হবে এবং শীর্ষ কর্মকর্তাদের পদে পরিবর্তন আনতে কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছি।"
গত ২০ এপ্রিল তেলকূপ বিস্ফোরণে ১১ কর্মী নিহত হওয়ার পর থেকে তেল নিঃসরণ অব্যাহত থাকায় কোম্পানির নির্বাহীরা চাপের মুখে রয়েছেন। নিঃসৃত তেলের কারণে উপকূলীয় এলাকার বণ্য প্রাণী, পর্যটন ও মৎস শিল্প বর্তমানে হুমকির মুখে রয়েছে।
তেল নিঃসরণ বন্ধে ব্যর্থ হওয়ায় ওবামা প্রশাসনের সমালোচনার মুখেও পড়তে হয়েছে কোম্পানিটিকে।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৪৫৩ ঘ.
bdnews24