বেইজিং, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- রাষ্ট্র বিরোধী কাজে উস্কানি দেয়ার অভিযোগে তিব্বতের এক পরিবেশ আন্দোলন কর্মীকে শনিবার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। তার আইনজীবী একথা জানিয়েছেন।
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার পক্ষে একটি প্রবন্ধ তার ওয়েবসাইটে প্রকাশ করার অপরাধে পরিবেশ আন্দোলন কর্মী রিনচেন স্যামড্রাপকে আদালত দোষী সাব্যস্ত করে এ সাজা দিয়েছে বলে ঐ আইনজীবী জানায়।
স্বায়ত্তশাসিত তিব্বতের পাবর্ত্য গনজো প্রদেশের একটি পরিবেশবাদী এনজিও পরিচালনা করতেন রিনচেন। তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি কারাভোগ করছেন।
রিনচেন স্যামড্রাপ মূলত বৃক্ষ রোপণ এবং আবর্জনা পরিষ্কারে গ্রামবাসীকে উৎসাহিত করতেন।
তার এনজিওটি ১৭০০ গ্রামবাসীকে নিয়ে ঐ এলাকায় বনায়ন কর্মসূচি পরিচালনা করে। তাছাড়া একটি ম্যাগাজিনও প্রকাশ করে এনজিওটি।
এনজিওটি এর আগে আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থাগুলোর সঙ্গে কাজ করে চীনা গণমাধ্যমের প্রশংসাও কুড়িয়েছে।
রিনচেনের বিরুদ্ধে ঐ অঞ্চলের বাস্তুসংস্থান সংশ্লিষ্ট ৩ টি অডিও ভিজুয়াল ডিস্ক সংকলন, তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা সংক্রান্ত জিনিসপত্র সংরক্ষণ এবং স্থানীয় অধিবাসীদের সরকারের বিপক্ষে উস্কানি দেয়ার অভিযোগের প্রমাণ পায় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২২২৪ ঘ.
bdnews24