২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঠিক পরিচয় জানাল গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্তরা

যুক্তরাষ্ট্রে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারকৃত এক দম্পতি রাশিয়ার নাগরিক হয়েও ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের সরকার পক্ষের কৌসুলিরা শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 03:31 PM

Updated : 25 Aug 2022, 01:13 PM

ভার্জিনিয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- যুক্তরাষ্ট্রে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তারকৃত এক দম্পতি রাশিয়ার নাগরিক হয়েও ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রের সরকার পক্ষের কৌসুলিরা শনিবার একথা জানিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সন্দেহভাজন এই ১১ জনের বিরুদ্ধে আরো তথ্য প্রমাণ উপস্থাপনে প্রস্তুত বলে জানিয়েছেন কৌসুলিরা। কৌসুলিরা বলেন, যড়যন্ত্রকারীদের মধ্যে বিনিময় হওয়া একশ' সাংকেতিক বার্তা উদ্ধারের ফলে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আরো সুস্পষ্ট হয়েছে। কৌসুলিরা বলেন, আলেকজান্দ্রিয়ার একটি আদালত অভিযুক্ত মিশেল জত্তোলি এবং প্যাট্রিসিয়া মিলিস দম্পতিসহ অপর অভিযুক্ত মিখাইল সেমেনকোকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। তারা বলেন, জত্তোলি এবং মিলিস জানিয়েছে, তাদের প্রকৃতনাম যথাক্রমে মিখাইল কুতজিক এবং নাতালিয়া পেরেভেরজেভা। তাছাড়া যুক্তরাষ্ট্রে দেওয়া জন্মতারিখ তার প্রকৃত জন্মতারিখ নয় বলেও স্বীকার করেছে জত্তোলি। দু'জনেরই পরিবারের সদস্যরা এখনো রাশিয়ায় বসবাস করেন বলেও জানান তারা। আলেকজান্দ্রিয়ার ঐ আদালত অভিযুক্ত এ তিন ব্যক্তির জামিনের আবেদন নাকচ করে দেয়। তাছাড়া যুক্তরাষ্ট্র সাইপ্রাসে গ্রেপ্তার হওয়ার পর নিখোঁজ হওয়া গুপ্তচর চক্রের ১১ তম সদস্য মেতসোসের বিষয়েও চিন্তিত রয়েছে। মেতসোস গত মঙ্গলবার সাইপ্রাসে গ্রেপ্তার হওয়ার পর ২৬ হাজার ৫০০ ইউরো জরিমাণা দিয়ে সে দেশের একটি আদালত থেকে জামিন নেয়। জামিনে মুক্ত হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। গত রোববার রাশিয়ার গুপ্তচর সন্দেহে যুক্তরাষ্ট্র ১০ জনকে গ্রেপ্তার করে। আর সে চক্রের ১১ তম সদস্য হিসেবে সাইপ্রাসে গ্রেপ্তার হন মেতসোস। যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই দীর্ঘদিন গোপন অনুসন্ধান চালিয়ে এ গোয়েন্দা চক্রের খোঁজ পায়। অভিযুক্তরা কয়েক বছর ধরে সাধারণ সাগরিক হিসাবে একত্রে বসবাস করে এসেছে এবং বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২১১৭ ঘ.