সিউল, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- হোয়াং জাং ইয়োপ নামের উত্তর কোরিয়ার স্বপক্ষত্যাগী একজন উচ্চ পর্যায়ের ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত সন্দেহে উত্তরের তৃতীয় গুপ্তচরকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া। শনিবার ইয়োনহ্যাপ বার্তা সংস্থা একথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার কৌসুলিদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, গ্রেপ্তারকৃত ঐ ব্যক্তির পারিবারিক নাম হ্যান। সে ১৯৬০ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় বসবাস করছে।
উত্তর কোরিয়ায় বসবাসরত পরিবারের সদস্যদের এক জায়গায় করতে তাকে সহায়তার আশ্বাস দিয়ে ২০০০ সালে হ্যানকে উত্তর কোরিয়ার গুপ্তচরবৃত্তিতে জড়িত করা হয় বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
হোয়াং জাং ইয়োপকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ কোরিয়ার একটি আদালত বৃহস্পতিবার উত্তরের দুই গুপ্তচরকে ১০ বছর করে সাজা দিয়েছে।
তাদের বিচার হওয়ার পর একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হ্যানকে।
হ্যানের বিরুদ্ধে অভিযোগ, সে হোয়াংকে হত্যার উদ্দেশ্যে তার ঠিকানা বের করার কাজে জড়িত ছিলো।
তবে হোয়াংকে হত্যার উদ্দেশ্যে গুপ্তচর নিয়োগের বিষয়টি অস্বীকার করে উত্তর কোরিয়া বলছে, কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়া এ গল্প ফেঁদেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮০৯ ঘ.
bdnews24