২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক রাখার অভিযোগ থেকে মুক্তি পেলেন প্যারিস হিলটন

মাদক রাখার অভিযোগ থেকে মার্কিন মডেল ও অভিনেত্রী প্যারিস হিলটনকে শুক্রবার গ্রেফতারের পর মুক্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিশেষ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 01:15 PM

পোর্ট এলিজাবেথ, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- মাদক রাখার অভিযোগ থেকে মার্কিন মডেল ও অভিনেত্রী প্যারিস হিলটনকে শুক্রবার গ্রেফতারের পর মুক্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিশেষ আদালত। হিলটন ও তার বান্ধবী সাবেক প্লেবয় প্লেমেট জেনিফার রোভেরোকে পোর্ট এলিজাবেথে ব্রাজিল-নেদারল্যান্ডের খেলা শেষে ফেরার পথে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে মারিজুয়ানা সেবন ও রাখার অভিযোগ আনা হয়। বিশেষ আদালতে অভিযোগের শুনানিতে হিলটনকে এক নম্বর আসামী হিসাবে উল্লেখ করা হয়। আদালতের ম্যাজিস্ট্রেট জোলিলে দিলুলিসা তিন মিনিটের শুনানি শেষে রায়ে বলেন, "এক নম্বর আসামী, আপনার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে দেওয়া হলো।" প্রত্যুত্তরে ধন্যবাদ জানিয়ে হিলটন আদালত কক্ষ ত্যাগ করেন। হিলটনকে অভিযোগ থেকে মুক্তি দিলেও তার বান্ধবী রোভেরোকে দোষী সাব্যস্ত করে ৩০ দিনের কারাবাস নতুবা ১৩০ ডলার জরিমানা শাস্তি দেওয়া হয়। রোভেরো জরিমানা দিয়ে ছাড়া পান। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, "যদিও তারা দু'জন এক সঙ্গেই ছিল, কিন্তু হিলটনের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ দায়ের করছি না। কেননা মারিজুয়ানা পাওয়া গেছে রোভেরোর কাছে, হিলটনের কাছে নয়।" হিলটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "গ্রেফতারের ঘটনাটি ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪০ঘ.