নিউ অরলিন্স, লুইজিয়ানা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- তাইওয়ানের একটি সুপারট্যাঙ্কার শুক্রবার পরীক্ষামূলকভাবে মেক্সিকো উপসাগরে নিঃসরিত তেল শোষণ শুরু করেছে।
সুপারট্যাঙ্কারটির নাম দেওয়া হয়েছে 'তিমি'।
বিপির মুখপাত্র টবি ওডন এএফপিকে জানায়, "এটি দানবের মত একটি ট্যাঙ্কার যার দুধারে তেল শুষে নেওয়ার জন্য কাট (তিমির মতো শোষক) রয়েছে।"
এটি তেল ও তেল মিশ্রিত পানি শুষে নেয় এবং তেলটুকু আলাদা করে রেখে পানিটুকু ফেলে দেয়।
দানবীয় আকারের ট্যাঙ্কটি লম্বায় প্রায় ৯০০ ফুট (২৭৫ মিটার) এবং প্রতিদিন ২১ মিলিয়ন গ্যালন পানিমিশ্রিত তেল শোষণ করতে পারবে।
অন্যদিকে গত দশ সপ্তাহ ধরে ছোট তেল শোষার বোটগুলো এ পর্যন্ত মাত্র ২৮ দশমিক ২ মিলিয়ন গ্যালন তেল শোষণ করতে পেরেছে যা 'তিমি' প্রায় একদিনেই পারবে।
বিশ্বের ইতিহাসে এটিই সবচেয়ে বড় তেল বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
গত ২২ এপ্রিল লুইজিয়ানা উপকূল থেকে ৫০ মাইল দূরে (৮০ কিলোমিটার) সাগরের গভীরে বিপি নিয়ন্ত্রিত একটি তেলকূপের রিগে বিস্ফোরণ ঘটলে সেখান থেকে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৬০ হাজার ব্যারেল তেল সাগরের পানিতে মিশছে।
এখন পর্যন্ত প্রায় ১ দশমিক ৯ থেকে ৩ দশমিক ৬ মিলিয়ন তেল উপসাগরে ছড়িয়ে পড়েছে যা ১৯৭৯ সালের ইক্সটন ব্লোআউটকেও ছাড়িয়ে গেছে। সে দুর্ঘটনায় ৩ দশমিক ৩ মিলিয়ন তেল মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২২৫ঘ.
bdnews24