তেহরান, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদির এক সহযোগীকে কারাগার থেকে মুক্তি দিয়েছে তেহরান।
শুক্রবার বিরোধী দলীয় নেতা মির হোসেন মৌসভির ওয়েবসাইটে তার মুক্তির খবর জানানো হয়।
গত ১১ জুন ইরানের বিতর্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বর্ষপূর্তির একদিন আগে নার্গিস মোহাম্মাদিকে গ্রেপ্তার করা হয়ে।
ওয়েবসাইটে দেওয়া খবরে নার্গিসের স্বামী তাগি রাহমানি জানান, "আমি এইমাত্র তার সঙ্গে কথা বলেছি। সে এখন কারাগার ফটকের বাইরে বলে জানিয়েছে।"
ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টার নার্গিসের গ্রেপ্তারের বিষয়টি জানায়। এ সংস্থার সভাপতি হলেন এবাদি। দুই সন্তানের জননী নার্গিস এবাদির ঘনিষ্ঠ সহযোগী ও মানবাধিকার সংস্থাটির মুখপাত্র হিসেবে কাজ করেন।
ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়নের অন্যতম সমালোচক সংস্থাটি মানবাধিকার ও ক্ষমতার অপব্যবহারের ওপর নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২৭ঘ.
bdnews24