২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইপ্রাসে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন রুশ গুপ্তচর নিখোঁজ

রাশিয়ার হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অন্যতম সন্দেহভাজন ক্রিস্টোফার মেতসোস সাইপ্রাস থেকে নিখোঁজ হয়েছেন। সাইপ্রাস পুলিশ তাকে খুঁজছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 04:47 PM

Updated : 25 Aug 2022, 01:07 PM

নিকোশিয়া, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- রাশিয়ার হয়ে যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অন্যতম সন্দেহভাজন ক্রিস্টোফার মেতসোস সাইপ্রাস থেকে নিখোঁজ হয়েছেন। সাইপ্রাস পুলিশ তাকে খুঁজছে। কানাডার নাগরিক ক্রিস্টোফার রবার্ট মেতসোসকে মঙ্গলবার হাঙ্গেরি যাওয়ার পথে লারকানা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করে সাইপ্রাস পুলিশ। তারপর ২৫ হাজার ইউরো জরিমানা দিয়ে সাইপ্রাসের একটি আদালত থেকে সেদিন জামিনে ছাড়া পান তিনি। বুধবার সাইপ্রাসের একটি আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আর সেখানে যাননি। যুক্তরাষ্ট্রে রাশিয়ার একটি গুপ্তচর চক্রকে অর্থ প্রদানের দায়ে মার্কিন কর্তৃপক্ষ তাকে অভিযুক্ত করেছে। অর্থপাচার এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের 'ওয়ান্টেড' তালিকায় আছেন ক্রিস্টোফার। বৃহস্পতিবার সাইপ্রাস পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আদালত অবমাননার অভিযোগে মেতসোসকে খোঁজা হচ্ছে। পুলিশের মুখপাত্র মিখালিস কাতসন্তোস বলেন, "মেতসোস কোথায় আছে বা থাকতে পারে সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তবে তিনি তার বাসায় নেই-এ বিষয়টি নিশ্চিত।" সাইপ্রাস থেকে মেতসোস পালিয়ে গেছে কিনা সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানায় পুলিশ। গত রোববার রাশিয়ার গুপ্তচর সন্দেহে যুক্তরাষ্ট্রে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আর সে চক্রের ১১ তম সদস্য হিসেবে সাইপ্রাসে গ্রেপ্তার হন মেতসোস। গ্রেপ্তারের পর মেতসোসকে তাদের কাছে হস্তান্তরের দাবি জানায় যুক্তরাষ্ট্র। আগামী ২৯ জুলাই মেতসোসকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। এক দশকব্যাপী তদন্ত চালিয়ে সন্ধান পাওয়া একটি রুশ গুপ্তচর চক্র ভেঙে দেওয়ার দাবি করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই দীর্ঘদিন গোপন অনুসন্ধান চালিয়ে এ গোয়েন্দা চক্রের খোঁজ পায়। অভিযুক্তরা কয়েক বছর ধরে সাধারণ সাগরিক হিসাবে একত্রে বসবাস করে এসেছে এবং বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২২৪০ ঘ.