২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান বেসামরিক জনগণকে রক্ষার অঙ্গীকার পেট্রাউসের

আফগানিস্তানে নবনিযুক্ত মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস বৃহস্পতিবার আফগান বেসামরিক জনগণের প্রাণ রক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সেখানে তালেবান বিরোধী যুদ্ধ পরিচালনার অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 01:07 PM

ব্রাসেলস, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তানে নবনিযুক্ত মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস বৃহস্পতিবার আফগান বেসামরিক জনগণের প্রাণ রক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সেখানে তালেবান বিরোধী যুদ্ধ পরিচালনার অঙ্গীকার করেছেন। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তর পরিদর্শনে গিয়ে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর শীর্ষ কমান্ডারের দায়িত্ব গ্রহণের আগে ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে আফগান যুদ্ধ নিয়ে পরামর্শ করার জন্য তিনি ন্যাটো সদর দপ্তর পরিদর্শন করেন। ন্যাটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পেট্রাউস বলেন, "বেসামরিক জনগণের প্রাণহানি ঠেকাতে বিমান বাহিনী ও পদাতিক বাহিনীর হামলা এবং মর্টার হামলা নিয়ন্ত্রণের সিদ্ধান্তে সেনারা সন্তুষ্ট নয়। তবে সেনাদের অন্তোষ থাকলেও এ সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না।" তিনি বলেন, "সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর সময় আপনাকে বেসামরিক জনগণের কথা মাথায় রাখতে হবে এবং নিষ্পাপ বেসামরিক মানুষকে রক্ষা করে আপনার সব কিছু করা উচিত।" তিনি জানান, আফগানিস্তানে হামলা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বাস্তবায়নের পর গত বারো সপ্তাহে আগের বছরের তুলনায় বেসামরিক মানুষের প্রাণহানি কমপক্ষে অর্ধেক কমেছে। তিনি আরো বলেন, "আফগানিস্তানে নিয়োজিত সেনাদের মধ্যে পদবী নিয়ে কিছু সমস্যা রয়েছে যা যুদ্ধক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করছে।" পেট্রাউস বলেন, "একজন কমান্ডার হিসেবে আমার একটি নৈতিক নির্দেশনা থাকবে এবং তা হলো যুদ্ধক্ষেত্রে কোথাও আমাদের সেনারা বা আমাদের সহযোগী আফগান সেনারা যদি বিপদে পড়ে তাহলে সম্ভাব্য আশপাশের সব সেনাকে সেখানে নিয়োজিত করতে হবে।" তার আগে জেনারেল পেট্রাউস ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেনের সঙ্গে বৈঠক করেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটো বিমান ঘাঁটিতে বুধবার তালেবান জঙ্গিদের হামলার পরপরই মার্কিন সিনেট ওবামার মনোনীত জেনারেলের নিয়োগ অনুমোদন করে। ইরাক যুদ্ধের অন্যতম রূপকার ছিলেন ডেভিড পেট্রাউস। সে কারণেই যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা আফগান যুদ্ধে সফলতা অর্জনে অনেক বেশি আশাবাদী হয়ে উঠেছেন প্রেট্রাউসের ওপর। তাই পেট্রাউসকে নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিনেটে এক বিরল ঐক্য দেখা যায়। প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক জোট এবং বিরোধী দল রিপাবলিক উভয়ই পেট্রাউসকে নির্বাচিত করেন। তিনি ৯৯-০ ভোটে নির্বাচিত হন। ওবামা এক বিবৃতিতে বলেন, "সিনেটের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পেট্রাউসের অতুলনীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে আমরা আফগানিস্তানে তালেবানদের দমনে এবং আফগানিস্তানকে দক্ষ করে গড়ে তুলতে আমাদের কৌশল প্রয়োগে সামান্য ঘাটতিও রাখিনি।" জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল রোলিং স্টোন ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা ও তার প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করলে তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে ওবামা প্রশাসন। সে প্রেক্ষিতে ম্যাকক্রিস্টাল সরে যেতে বাধ্য হন। তার স্থলে পেট্রাউসকে বেছে নেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/বিবি/সিআর/এএইচ/২১৩৮ ঘ.