কাবুল, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- আফগানিস্তানে ন্যাটো সেনাদের অভিযানে বৃহস্পতিবার ৩১ জঙ্গি নিহত ও শীর্ষ এক তালেবান নেতা আটক হয়েছেন।
এক বিবৃতিতে ন্যাটো জানায়, বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে জঙ্গিদের গুপ্ত ঘাঁটিতে এ অভিযান চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাগরাম প্রদেশে জঙ্গিরা ন্যাটো সেনাদের ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এ সময় সেনারা বিমান সেনাদের সহায়তা চায়।
ন্যাটোর ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসট্যান্স ফোর্স (ইসাফ) এক বিবৃতিতে জানায়, হেলমান্দ প্রদেশের আরেক জঙ্গি অধ্যুষিত জেলা নওজাদ'র তালেবান প্রধান গোলাগুলিতে আহত হয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই অভিযানে মোট ৩১ জন জঙ্গি নিহত হয়েছে বলে তারা জানিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, চার ঘণ্টাব্যাপী যুদ্ধের পর বেশ কয়েকজন জঙ্গিকে আহত অবস্থায় আটক করেছে সেনারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/এএইচ/২১৫০ ঘ.
bdnews24