ওয়াশিংটন, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জেনারেল ডেভিড পেট্রাউসকে আফগানিস্তানে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার হিসেবে চূড়ান্ত করেছে সিনেট।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলে ন্যাটোর ঘাঁটিতে বুধবার তালেবান জঙ্গিদের হামলার পরপরই মার্কিন সিনেট ওবামার মনোনীত জেনারেলের নিয়োগ অনুমোদন করলো।
পেট্রাউসকে নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিনেটে এক বিরল ঐক্য দেখা গেছে। প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্রেটিক জোট এবং বিরোধী দল রিপাবলিক উভয়ই পেট্রাউসকে নির্বাচিত করেছেন। তিনি ৯৯-০ ভোটে নির্বাচিত হয়েছেন।
ওবামা এক বিবৃতিতে বলেন, "সিনেটের দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পেট্রাউসের অতুলনীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে আমরা আফগানিস্তানে তালেবানদের দমনে এবং আফগানিস্তানকে দক্ষ করে গড়ে তুলতে আমাদের কৌশল প্রয়োগে সামান্য ঘাটতিও রাখিনি।"
জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল একটি ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ওয়াশিংটন এবং কাবুলসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদের নেতৃত্ব নিয়ে সমালোচনা করলে ওবামা প্রশাসনে তোলপাড় শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ম্যাকক্রিস্টাল সরে যেতে বাধ্য হন। তার স্থলে পেট্রাউসকে বেছে নেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১১১৯ঘ.
bdnews24