২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন

নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বুধবার পদত্যাগ করছেন। পদত্যাগ করতে রাজি হওয়ার একমাসেরও বেশি সময় পর বিদায় নিচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

কাঠমাণ্ডু, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বুধবার পদত্যাগ করছেন। পদত্যাগ করতে রাজি হওয়ার একমাসেরও বেশি সময় পর বিদায় নিচ্ছেন তিনি। তার এক মুখপাত্র একথা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন মাধব কুমার নেপাল। নেপালে ক্ষমতা ভাগাভাগির সরকারের পথ সুগম করতে মাধব কুমার ২৮ মে পদত্যাগ করতে রাজি হন। এরপর থেকেই পদত্যাগের জন্য বিরোধীদলীয় মাওবাদী পার্টির তীব্র চাপের মুখে আছেন তিনি। প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে পার্লামেন্টে বার্ষিক বাজেট পাশে বাধা দেওয়ার হুমকি দিয়েছে মাওবাদীরা। এতে করে নেপালে নতুন রাজনৈতিক সঙ্কট দেখা দিতে পারে। প্রধানমন্ত্রীর মুখপাত্র বিষ্ণু রিজাল এএফপি'কে বলেন, "প্রধানমন্ত্রী জাতীয় ঐকমত্য, শান্তি এবং সময়মতো নতুন খসড়া সংবিধান রচনার খাতিরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।" নেপালের তিনটি প্রধান রাজনৈতিক দল ২৮ মে জাতীয় ঐক্য সরকার গঠনে একমত হয়। কিন্তু এ সরকারের নেতৃত্ব কে দেবে সে প্রশ্নে দলগুলো এখনো একমত হতে পারেনি। মাধব কুমার নেপাল পদত্যাগের পর কে প্রধানমন্ত্রী হবেন সেটিও স্পষ্ট নয়। কয়েকটি সূত্র জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত মাধব কুমারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় থাকার অনুরোধ জানাতে পারেন প্রেসিডেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৫ ঘ.