২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে দারিদ্র্য বিমোচনের অঙ্গীকার আকিনোর

ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিয়েছেন বেনিনিও আকিনো। উদ্বোধনী বক্তব্যে তিনি দেশে দারিদ্র্য বিমোচন এবং দুর্নীতির অবসান ঘটানোর অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 10:15 AM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ম্যানিলা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার শপথ নিয়েছেন বেনিনিও আকিনো। উদ্বোধনী বক্তব্যে তিনি দেশে দারিদ্র্য বিমোচন এবং দুর্নীতির অবসান ঘটানোর অঙ্গীকার করেছেন। ম্যানিলায় উল্লাসিত জনতার উদ্দেশে আকিনো বলেন, "দুর্নীতি না থাকলে দারিদ্র্য থাকবে না। এটি কোনো পোস্টারের স্লেগান নয়। এটি আমার প্রশাসনের নীতি। আমরা দেশকে দারিদ্র্যমুক্ত করব।" পুলিশ জানিয়েছে, ম্যানিলা বে'র কাছে অবস্থিত কুইরিনো গ্র্যান্ডস্ট্যান্ডে আয়োজিত এ অনুষ্ঠান দেখতে প্রায় ৫ লাখ মানুষ জড়ো হয়। শপথ অনুষ্ঠান দেখতে আসা জনগণের অনেকের পরনেই রয়েছে হলুদ রংয়ের পোশাক। ১৯৮৬ সালের পিপল পাওয়ার রেভ্যুলুশনের রং ছিল হলুদ যার মাধ্যমে একনায়ক ফার্দিনান্দ মারকোসকে উচ্ছেদ করে আকিনোর মা কোরাজন আকিনো ক্ষমতা গ্রহণ করেন। অনুষ্ঠানে যোগ দেওয়া সোনিয়া দো লা ক্রজ বলেন, "২৪ বছর আগে তার মায়ের রাজনৈতিক শোভাযাত্রার জন্য আমি এখানে এসেছিলাম এবং এখন নোয়নোয়'র (আকিনোর ডাক নাম) শপথ নেওয়া দেখতে এসেছি কারণ আমি চাই তিনি সফল হোন।" মঙ্গলবার আকিনো জানান, অ্যারোয়োর বিরুদ্ধে দুর্নীতি, নির্বাচনী প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ রয়েছে তা তদন্তে ট্রুথ কমিশন গঠন করা হবে। অ্যারোয়ো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮৩ সালে দেশে ফেরার পর ম্যানিলা বিমানবন্দরে বিরোধীদলীয় নেতা আকিনোর পিতা বেনিনিও আকিনো জুনিয়রকে হত্যা করা হয়। আর গত বছরের আগস্ট মাসে মা কোরাজন আকিনোর মৃত্যুর পরই আকিনোর ক্ষমতা গ্রহণের বিষয়টি সামনে চলে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৬ঘ.