মিয়ামি, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মৌসুমী ঝড় অ্যালেক্স শক্তিশালী হয়ে ওঠায় টেক্সাস ও মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
ঝড়টি মেক্সিকো উপসাগরের তেল নিঃসরিত অঞ্চলের দিকে আসছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।
কর্মকর্তারা জানান, ঝড়ো বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের রাজ্য ওয়াক্সাকাতে দেয়াল ধসে এক নারীর মৃত্যুর পর মেক্সিকো মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের সীমান্তবর্তী তামাউলিপান রাজ্যের কর্তৃপক্ষকে জরুরি অবস্থা জারির নির্দেশ দেয়।
বুধবার গ্রিনিচমান সময় ১২ টা ১ মিনিটে ঝড়ের কেন্দ্র ছিল টেক্সাসের ব্রাউন্সভিল থেকে ২৬৫ মাইল দক্ষিণ-পূর্বে বলে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অ্যালেক্স শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম উপকূলের তেল ছড়িয়ে পড়া অঞ্চল লুইসিয়ানা, মিসিসিপ্পি, আলাবামা ও ফ্লোরিডার দিকে অগ্রসর হয়ে তেল নিঃসরণ বন্ধের প্রচেষ্টা ব্যাহত করতে পারে।
এনএইচসি'র বিজ্ঞানী ডেনিস ফেল্টজেন এএফপিকে জানান, মৌসুমি ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল বা ১১০ কিলোমিটার হয়ে থাকে। তবে অ্যালেক্স কয়েক ঘণ্টার মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কেননা অ্যালেক্সের কারণে ঘণ্টায়৭৪ মাইল পর্যন্ত বাতাস বয়ে যাচ্ছে।
এনএইচসি থেকে আরও জানানো হয়েছে, অ্যালেক্স উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই ঝড়ের ফলে মেক্সিকোর উত্তরপূর্বাঞ্চলে ও টেক্সাসের দক্ষিণাঞ্চলে বন্যা ও ৬ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৪৪ঘ.
bdnews24