২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ফিরে যেতে চান প্রিন্স হ্যারি

অনুমতি দেয়া হলে আবার আফগানিস্তানে যেতে চান ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি। সোমবার যুক্তরাষ্ট্রের এবিসি টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 01:01 PM

নিউ ইয়র্ক , জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- অনুমতি দেয়া হলে আবার আফগানিস্তানে যেতে চান ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি। সোমবার যুক্তরাষ্ট্রের এবিসি টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। তবে তাকে আফগানিস্তানে যেতে দেওয়া হবে কিনা তা নিশ্চিত নন বলে জানান হ্যারি। ব্রিটিশ সিংহাসনের তৃতীয় প্রজন্ম, কুইন এলিজাবেথের নাতি হ্যারি (২৫) দু'বছর আগে নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট সময়ের আগেই আফগানিস্তান থেকে ফিরে আসেন। আফগানিস্তানে সম্মুখ সমরে একজন ব্রিটিশ সেনা কর্মকর্তা হিসেবে হ্যারির কাজ করার গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর প্রিন্স হ্যারি তার নিজের ও তার সঙ্গে যুদ্ধরত সেনাদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মুখে দেশে ফিরে আসেন। এবিসি টেলিভিশনের 'গুড মর্নিং অ্যামেরিকা' অনুষ্ঠানে হ্যারি বলেন, আমি আফগানিস্তানে ফিরে যেতে পারলে সত্যি খুব খুশি হতাম। রাজনৈতিক অনুমোদন এবং সেনাবাহিনীর সদস্য হিসেবে অন্য যে কোনো সেনার মতো আমিও দেশের জন্য লড়তে চাই। ২০০৮ সালে প্রিন্স হ্যারি দশ সপ্তাহের জন্য আফগানিস্তানে ছিলেন। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হিসেবে প্রিন্স হ্যারিই প্রথম সম্মুখ সমরে লড়াই করেছেন। এছাড়া ২৮ বছর আগে আর্জেন্টিনার সাথে ফকল্যান্ড যুদ্ধের সময় প্রিন্স এন্ড্রু হেলিকপ্টার চালিয়ে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৩৭ ঘ.