মেক্সিকো, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মৌসুমি ঝড় অ্যালেক্স আরও শক্তিশালী হয়ে হ্যারিকেনে রূপ নিচ্ছে। এর ফলে মঙ্গলবার মেক্সিকো উপকূল থেকে কয়েকটি কোম্পানি কর্মীদের সরিয়ে নেওয়ায় তেল নিঃসরণ বন্ধের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, অ্যালেক্স ধীরে ধীরে ইউকাতান উপদ্বীপ থেকে দক্ষিণে উপসাগরের দিকে সরে যেতে পারে।
ব্রিটিশ তেল কোম্পানি বিপি'র এক নির্বাহী হাসটনে সাংবাদিকদের জানান, কূপ থেকে তেল নিঃসরণ বন্ধে বিকল্প কূপ খনন কাজে এটা কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।
বিপির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জানান, ঝড়ের কারণে ১২ ফুট উচ্চতা পর্যন্ত ঢেউ হচ্ছে। এর ফলে এ সপ্তাহের মধ্যে তেল নিঃসরণ বন্ধের পরিকল্পনা বিলম্বিত হতে পারে।
পূর্ব সতর্কতা হিসেবে শেল ওয়েল কোম্পানি, এক্সন মোবিল কর্পোরেশন, আনাদার্কো পেট্রোলিয়াম কর্পোরেশন এবং অ্যাপাচি কর্পোরেশন অত্যাবশ্যকীয় নয়, এমন কর্মীদের ঝড়ের কারণে সরিয়ে নিয়েছে। এছাড়া রোববার থেকে শেল কোম্পানি অসার ও ব্র"টাসে সমুদ্র তল দেশের উৎপাদন বন্ধ রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কেএমএস/১২৫৬ ঘ.
bdnews24