জেরুজালেম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি সেনাদের হামলায় ৯ জন নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখতে ইসরায়েলি তদন্ত কমিশন সোমবার কাজ শুরু করেছে।
তদন্ত কমিশনের প্রধান জ্যাকোব টারকেল সোমবার উদ্বোধনী বক্তব্যে বলেন, এ ঘটনা তদন্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধানকে তদন্ত কমিশনের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠানো হবে।
৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি কমান্ডোদের ঐ হামলায় ৯ তুরস্ক নাগরিক নিহত হয়।
ইসরায়েলি এ তদন্ত পক্ষপাতমূলক হবে বলে অভিযোগ করে আসছে তুরস্ক।
হামলার ঘটনাটির আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বান কি মুনের সে প্রস্তাব প্রত্যাখান করে দুই সপ্তাহ আগে ইসরায়েলের মন্ত্রী পরিষদ দেশটির সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি জ্যাকোব টারকেলকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করে।
তদন্ত কমিশনে ইসরায়েলের একজন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও একজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন। তাছড়া দু'জন বিদেশী পর্যবেক্ষক হিসেবে নোবেল শান্তি পুরষ্কার পাওয়া আয়ারল্যান্ডের রাজনীতিবীদ ডেভিড ট্রিম্বল এবং কানাডার জুরিস্ট কেন ওয়াটকিন রয়েছেন।
উদ্বোধনী বক্তব্যে টারকেল বলেন, "তদন্ত কমিশন তার লক্ষ্য স্থির করায় শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধানকে কমিশনের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।"
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক ও সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল গাবি আশকেনাজিসহ তিনি কমিশনের কাছে সাক্ষ্য দিতে প্রস্তুত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৩৮ ঘ.
bdnews24