টরোন্টো, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাজেট ঘাটতি দূর ও ব্যাংকিং পদ্ধতি নিরাপদ করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে রোববার সম্মত হয়েছেন টরোন্টোয় জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতারা।
ধনী ও উন্নত দেশগুলো নিয়ে গঠিত জি-টোয়েন্টি প্রবৃদ্ধির হার না কমিয়ে ২০১৩ সালের মধ্যে বাজেট ঘাটতি অর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার করেছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "আমাদের দেশগুলোর মতোই আমাদের চ্যালেঞ্জগুলোও বৈচিত্র্যময়।"
ওবামা আরো বলেন, "আমরা সমন্বিতভাবে বিশ্ব অর্থনীতির ৮৫ শতাংশের প্রতিনিধিত্ব করি। আমাদের সময়ের সবচেয়ে বাজে অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় আমাদের সহযোগিতাপূর্ণ সাড়া দিতে হবে।"
ক্ষতিপূরণের জন্য ব্যাংকের ওপর করারোপ ও কঠোর মুলধননীতি বাস্তবায়নের মতো বিতর্কিত শর্তের বিষয়ে কাজ চালিয়ে যেতে সব দেশকেই সুযোগ দিয়ে থাকে জি-টোয়েন্টি।
অর্থনৈতিক মন্দা মোকাবিলায় গত বছর কয়েক ট্রিলিয়ন ডলার ছাড়ের লক্ষ্যে উন্নত ও ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলো একত্রিত হয়ে জি-টোয়েন্টি গঠন করে।
তবে সংকট থেকে উত্তরণে দেশগুলোর ভিন্ন গতি ও চাহিদার পরিপ্রেক্ষিতে ভিন্ন নীতির প্রয়োজন দেখা দেওয়ায় জি-টোয়েন্টির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে।
ওবামা জানান, আলোচনা থেকে এটা বোঝা যাচ্ছে, এ দেশগুলো একত্রিত হতে পারে এবং সাধারণ স্বার্থগুলো সানন্দে গ্রহণ করতে পারে।
এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে টরোন্টো কনফারেন্স সেন্টারে যখন বিশ্বনেতারা আলোচনায় বসেছেন সেসময় সম্মেলন স্থলের বাইরে পুরিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে আটক করা হয় পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৬৩৬ঘ.
bdnews24