সিঙ্গাপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্স (ইসাফ)-এর পাঁচ সেনা নিহত হয়েছেন।
নিহত সেনাদের মধ্যে চারজনই নরওয়ের বলে সোমবার ইসাফ জানায়।
নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, রোববার আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমায় তাদের চার সেনা নিহত হয়েছেন।
ইসাফের অপর এক সেনা সদস্য রোববার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জঙ্গি হামলায় নিহত হন।
২০০১ সালে মার্কিন সমর্থিত আন্তর্জাতিক বাহিনীর অভিযানে ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর বর্তমান সময়েই আফগানিস্তানে তালেবান জঙ্গিরা ক্রমশ শক্তিশালী হামলা চালাচ্ছে। যদিও দেশটিতে এখনো ১ লাখ ৫০ হাজারেরও বেশি বিদেশি সেনা অবস্থান করছে।
শুধুমাত্র জুন মাসেই প্রায় ৯০ জন বিদেশি সেনা নিহত হয়েছেন। যুদ্ধ শুরু করার পর থেকে এ মাসেই নিহত হয়েছেন সবচেয়ে বেশি বিদেশি সেনা।
এ বছর এখন পর্যন্ত ৩১০ জন সেনা নিহত হয়েছেন, যেখানে ২০০৯ সালে নিহতের সংখ্যা ছিল ৫২০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৬ঘ.
bdnews24