জেরুজালেম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- হামাসের হাতে বন্দি ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে শতাধিক কারাবন্দি গেরিলার মুক্তির প্রস্তাব হামাসকে দেওয়ার তথ্য ফাঁস হয়েছে ইসরায়েলে। গণমাধ্যম রোববার একথা জানিয়েছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ের একটি পত্রিকা এবং অন্য কয়েকটি সরকারী সূত্র মতে, ফিলিস্তিনি গেরিলা দল হামাসকে ইসরায়েল বলেছে, তারা ৬০০ ইসরায়েলিকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক ১০০'রও বেশি বন্দীকে মুক্তি দেবে। তারা হয় গাজায় নয়তো বিদেশে যাবে; পশ্চিম তীরে যাবে না।
নেতানিয়াহুর কার্যালয় এ খবর নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটিই করেনি।
ইসরায়েল সরকারকে শালিতের মুক্তির জন্য চাপ দিতে তার পরিবার শালিতের বন্দীত্বের চতুর্থ বার্ষিকী পালনের সময় এই খবর প্রকাশ পেল।
ইসরায়েলের ইয়েদিয়ত আহ্রনত পত্রিকায় ভাষ্যকার নাহুম বার্নিয়া বলেছেন, ইসরায়েল এক জার্মান মধ্যস্থাকারীর মাধ্যমে ৬ মাস আগে শালিতকে আটককারী হামাস নেতাকে বন্দী বিনিময়ের ওই প্রস্তাব দেয়।
প্রস্তাবের আওতায় ওই সব বন্দী মুক্তি পাবে যাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্ততপক্ষে ১০ জন ইসরায়েলি হত্যার অভিযোগ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩০ ঘ.
bdnews24