কোনাক্রি, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)---- ১৯৫৮ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে রোববার প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
এ নির্বাচনের মধ্য দিয়ে গিনিতে প্রায় অর্ধ শতাব্দীর সামরিক শাসন ও বেসামরিক একনায়কত্বের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সারা দেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শ শ নারী-পুরুষ।
কোনাক্রি স্টেডিয়ামে সেনাবাহিনীর হাতে সামরিক জান্তা বিরোধী ১৫৬ জন হত্যার ঘটনার নয় মাস পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
০৭০০ জিএমটি তে ভোট গ্রহণ শুরু হয়।
কোনাক্রির ফ্রেডরিকো মেয়র বিদ্যালয়ে ভোট দেয়ার সময় এক দোকানদার এবং পাঁচ সন্তানের মা মেরিয়েমে কান্দে (৫০) জানান, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে আমি খুশি।
কোনাক্রির সান্দারভালিয়া জেলার ভোটক্রেন্দ্রের আরেক ভোটার গৃহবধু সাফিয়াতু দিয়োপ বলেন, "ভোটে যেই জয়ী হন আমরা সবার আগে শান্তি এবং ভাল জীবনযাত্রামান চাই।"
১ জন নারী প্রার্থীসহ ২৪ জন প্রার্থীর মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করবে ভোটাররা। নির্বাচনের প্রধান তিন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী সেলু দালিয়েন দিয়ালো, সিদ্যা তৌরে এবং সাবেক এক বিরোধী দলীয় নেতা আলফা কোন্দেকে।
গিনিতে 'জাতীয় নির্বাচন কমিশন' (সিইএনআই) জানিয়েছে, ৩ হাজার ৯৬৫ জন দেশী ও বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
এর আগে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো বিমান উড্ডয়নের অনুমোতি দেওয়া হচ্ছে না। এমনকি কূটনীতিক, প্রতিরক্ষা , নিরাপত্তা এবং বিশেষ অনুমোদন ছাড়া রাস্তায় কোনো গাড়ি চলাচল করতেও দেওয়া হচ্ছে না।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রণালয়ের নির্দেশে রোববার সকাল ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত স্থল, নৌ ও আকাশ সীমা বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিবি/এলকিউ/১৭৩৮ ঘ.
bdnews24