মিটজপে হিলা , ইসরায়েল, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)----- ফিলিস্তিনি গেরিলা দল হামাসের হাতে বন্দী ইসরায়েলি সেনা গিলাদ শালিতের বন্দীত্বের চার বছর পর রোববার তার মুক্তির দাবিতে পদযাত্রা করেছে পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরো প্রায় ২ হাজার সমর্থক।
রোববার উত্তর ইসরায়েল থেকে জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত বিক্ষোভ পদযাত্রা করেছে শালিতের পরিবার।
ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে মিটজপে হিলাতে তাদের বাড়ি থেকে পদযাত্রা শুরু হয়।
দুই হাজারেরও বেশি সমর্থক হাতের কব্জিতে কিংবা ব্যাগে হলুদ রঙের ফিতা পরিয়ে পরিবারটির সঙ্গে পদযাত্রায় যোগ দেয়।
স্থানীয় সময় সকাল ৯ টায় (০৬০০ জিএমটি) জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের উদ্দেশ্যে শুরু হওয়া এ পদযাত্রায় অনেকে সাদা টি -শার্ট পরে আবার অনেকে ব্যানারে ' গিলার্ড এখনো জীবিত ' স্লোগান লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করে।
গত শুক্রবার ২৩ বছর বয়স্ক শালিতের বন্দিত্বের চার বছর র্পূতি পালন হয়েছে। ২০০৫ সালের ২৫ জুন হামাস এবং আরো দুটি দলের জঙ্গিরা আন্ত সীমান্ত অভিযানে শালিতকে আটক করে।
তারপর থেকে শালিতের সঙ্গে তার পরিবার বা আন্তর্জাতিক সংগঠন রেড ক্রসের কোনো যোগাযোগ নেই।
২০০৭ সাল থেকে গাজা নিয়ন্ত্রণকারী হামাস শালিতের মুক্তির বিনিময়ে কয়েক শ' ফিলিস্তিনি বন্দীর মুক্তি দাবি করেছে। এর মধ্যে ইসরায়েলে হামলাকারী একজন শীর্ষ জঙ্গিও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ১৭০৩ ঘ.
bdnews24