২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরগিজস্তানে গণভোট

জাতিগত সহিংসতা আবারো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকা সত্ত্বেও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে রোববার কিরগিজস্তানে নতুন সংবিধান নিয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 08:10 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

ওশ, কিরগিজস্তান, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জাতিগত সহিংসতা আবারো ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকা সত্ত্বেও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে রোববার কিরগিজস্তানে নতুন সংবিধান নিয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। দেশটিতে নতুন সংবিধান প্রবর্তন হবে কিনা তা নির্ধারিত হবে এ গণভোটের ফলাফলে। একটি বিবৃতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৫৫ দশমিক ৭ শতাংশ ভোটার ভোট দিয়েছে। সন্ধ্যা ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ মাসের জাতিগত সহিংসতায় সবচেয়ে বিধ্বস্ত ওশ ও জালালাবাদে ভোটার উপস্থিতি ছিল যথাক্রমে ৪৫ দশমিক ৫ ও ৪৬ দশমিক ৫ শতাংশ যা জাতীয় গড় উপস্থিতির চেয়ে কিছুটা কম। নির্বাচন কমিশন আরো জানায়, রাজধানী বিশকেকে ভোটার উপস্থিতি ছিল ৬৬ শতাংশ। সোমবার ভোটের প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ভোটের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় ওশ শহর থেকে কর্তৃপক্ষ শনিবার কারফিউ প্রত্যাহার করেছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ওশ ও তার পার্শ্ববর্তী জালালাবাদ শহরে উজবেক ও কিরগিজদের মধ্যে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় কমপক্ষে ২৭৫ জন নিহত হয়। গত এপ্রিলে সরকার বিরোধী বিক্ষোভে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির ক্ষমতাগ্রহণ করা অন্তবর্তীকালীন সরকারের এ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এ গণভোট। অন্তবর্তীকালীন সরকার বলছে, সংবিধান সংশোধনের এ গণভোট অনুষ্ঠানকে বিলম্বিত করতে ষড়যন্ত্রের মাধ্যমে সর্বশেষ জাতিগত সহিংসতা ঘটানো হয়। কিরগিজস্তানের অন্তবর্তীকালীন সরকারের প্রধান রোজা ওতুনবায়েভা বলেছেন, কিরগিজস্তানের দক্ষিণাঞ্চলের পরিস্থিতি এখনো অশান্ত। তবে এমন কোনো ঘটনা ঘটেনি যে একদিনের জন্য কারফিউ প্রত্যাহার করা যাবেনা। রাজধানী বিশকেকে তিনি সাংবাদিকদের বলেন, "গণভোটে অংশগ্রহণ করতে আসা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা আমাদের আছে।" কিরগিজস্তানের গণভোটে নতুন সংবিধান পাশ হলে উল্লেখযোগ্যভাবে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস পাবে এবং মধ্য এশিয়ার সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের এ দেশটিতেই সর্বপ্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যত শিগগির সম্ভব স্থায়ী সরকারকে ক্ষমতায় আনার জন্য আগামী সেপ্টেম্বর মাসে কিরগিজস্তানে পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তবর্তীকালীন সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/বিসিএস/১৩৫৮ ঘ.