২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ সংকটের বিষয়ে অভিন্ন ক্ষেত্র তৈরির আহ্বান জি-৮ নেতাদের

অর্থনৈতিক মন্দা কাটিয়ে তা টেকসই করা ও ঘাটতি হ্রাসের অভিন্ন ক্ষেত্র সৃষ্টির বিষয়ে মতপার্থক্য দূর করতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র শুক্রবার আলোচনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 06:05 AM

Updated : 25 Aug 2022, 12:51 PM

হুন্টসভিল, কানাডা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক মন্দা কাটিয়ে তা টেকসই করা ও ঘাটতি হ্রাসের অভিন্ন ক্ষেত্র সৃষ্টির বিষয়ে মতপার্থক্য দূর করতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র শুক্রবার আলোচনা করেছে। সম্মেলনে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানান, ক্রমবর্ধমান ঘাটতি দূর ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সদস্য দেশগুলোর উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। তবে তিনি ও মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বিভেদ সৃষ্টি করবে না এবং ইউরোপ ও জি-৮ দেশগুলো ঋণ কমানো ও প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের মার্কেল বলেন, "আমি এটি স্পষ্ট করে জানিয়েছি, আমাদের টেকসই প্রবৃদ্ধি প্রয়োজন এবং প্রবৃদ্ধি ও কৌশলী ব্যয় সংকোচন পদ্ধতির মধ্যে অসংগতি থাকা উচিত নয়।" আলোচনা ফলপ্রসূ হয়েছে নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক শীর্ষ কর্মকর্তা। সাংবাদিকদের তিনি বলেন, "ঘাটতি দূর করাকে মধ্যম ও দীর্ঘ মেয়াদী প্রবৃদ্ধি কৌশলের একটি অংশ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট।" অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় চুক্তি ছাড়াও বিশ্ব নেতারা উন্নয়নশীল দেশে মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় ৫০০ কোটি মার্কিন ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে। শনিবার সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনার কথা রয়েছে। এদিকে সম্মেলনে প্রতিবাদ জানাতে গিয়ে টরোন্টো শহরে প্রায় ২ হাজার বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের মুখে পড়েছে। তবে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৫৫ঘ.