এথেন্স, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- গ্রিসের জননিরাপত্তা মন্ত্রী মিখালিস ক্রিসোহোইডিসের কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পার্সেল বোমা হামলায় তার এক সহযোগী নিহত হয়েছেন। তবে অক্ষত অবস্থায় বেঁচে গেছেন মন্ত্রী মিখালিস।
শুক্রবার ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। পুলিশ বলেছে, ঘটনাটির পেছনে কে বা কারা জড়িত তা আগেভাগেই বলা যাচ্ছে না।
মিখালিসের নিহত সহযোগীর নাম জর্গস ভাসিলাকিজ। বয়স ৫২। মিখালিসের নিরাপত্তা প্রধান ছিলেন তিনি।
হামলায় মন্ত্রণালয়ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
উপহারের প্যাকেটে করে বোমাটি এথেন্সের মন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। ভাসিলাকিজ প্যাকেটটি খোলার সঙ্গে সঙ্গে বিস্ফোরণে নিহত হন।
হামলার দায় কেউ স্বীকার করেনি।
গ্রিক পুলিশের মুখপাত্র তানাসিস কোকালাকিস শুক্রবার এ হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতিকে দায়ী করেছেন।
স্কাই বেতারে এক সাক্ষাৎকারে তিনি এ ঘটনার জন্য কার্যালয়ের নিরাপত্তারক্ষীদের অবহেলাকে দায়ী করেন। তিনি বলেন, কার্যলয়ের প্রবেশপথে বোমা চিহ্নিত করার জন্য কোনো বিশেষ যন্ত্র ছিল না।
গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ এ বোমা হামলাকে সন্ত্রাসী তৎপরতা বলে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬৩১ ঘ.
bdnews24