সারগোধা, পাকিস্তান জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)--- পাকিস্তানে সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত ৫ মার্কিনির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার কৌঁসুলিরা একথা জানিয়েছেন।
পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী হামলার চক্রান্ত করা এবং নিষিদ্ধ একটি জিহাদি দলকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে ১৯ থেকে ২৫ বছর বয়সী এই ৫ মার্কিনি দোষী সাব্যস্ত হয়েছে।
পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় সারগোধা শহর থেকে ডিসেম্বরে মিশর, ইরিত্রিয়া, পাকিস্তানি এবং ইয়েমেনি বংশোদ্ভূত এই ৫ মার্কিনীকে গ্রেপ্তার করা হয়। এরপর মার্চ মাস থেকে এক রুদ্ধদ্বার কারা আদালতে তাদের বিচারকাজ শুরু হয়।
৫ জনের নাম; উমর ফারুক, ওয়াকার হুসেন, রামি জমজম, আহমেদ আব্দুল্লাহ মিনি এবং আম্মান হাসান ইয়ামের। তাদের সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।
দুইটি অভিযোগে আসামীদের অপরাধ প্রমাণিত হলেও আরো তিনটি অভিযোগ থেকে বিচারক তাদের খালাস করেছেন।
দুইটি অভিযোগে দুই মেয়াদের সাজা এক করে (সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগে ১০ বছর এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনকে অর্থ সহায়তার জন্য একই সময়ে ৫ বছরের কারাদণ্ড) প্রত্যেকের ১০ বছরের জেলসহ ৭০ হাজার রুপি (৮২০ ডলার) জরিমানা করা হয়েছে।
অন্যান্য অভিযোগগুলো খারিজ করা হয়। পাঞ্জাবের প্রাদেশিক সরকার পক্ষের সহকারী কৌসুলি রানা বখতিয়ার একথা জানিয়েছেন।
রায়ের বিরুদ্ধে আসামী ও সরকার দুপক্ষই আবেদন করবে বলে জানিয়েছে।
বখতিয়ার বলেন, দোষী সাব্যস্তদের বিশ বছরের জেল হওয়ার জন্য আমরা রায়ের বিরুদ্ধে আপিল করব।
সাজাপ্রাপ্তরা অনলাইনে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করে হামলার চক্রান্ত করছিল বলে অভিযোগ করা হয়। তবে ৫ মার্কিনি এ অভিযোগ অস্বীকার করে বলে এসেছে যে, তারা আফগানিস্তানে মুসলিম ভাইদের ওষুধ ও অর্থ সহায়তা দিতে চেয়েছিল মাত্র।
৫ জনের বিচারকাজ চলার সময় নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত কড়া। আদালতে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ ছিল। বিচারের রায় কারাগারের বাইরে এসে জানান দুপক্ষের আইনজীবীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24